৯২ বছরের ইতিহাসে প্রথমবার রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে স্পেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১০:৩৬ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। এই দল ঘোষণার মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার ৯২ বছরের ইতিহাসে প্রথমবার রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে অংশ নিচ্ছে ‘লা রোখা’রা।

 

টানা দ্বিতীয়বার শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। যার প্রভাব পড়েছে বিশ্বকাপ দলেও। ক্লাবের ২১ বছর বয়সী ডিফেন্ডার ডিন হুইসেন ব্যক্তিগতভাবে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন। তার সামনে আমেরিকা মহাদেশের এই টুর্নামেন্টের টিকিট পাওয়ার সুযোগ ছিল। তবে লুইস দে লা ফুয়েন্তে তার জায়গায় পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে এবং এরিক গার্সিয়াকে বেছে নিয়েছেন।

 

রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক দানি কারভাহাল, যিনি এই বছরই ক্লাব ছাড়ছেন। গত কয়েকটি মৌসুম ইনজুরিতে জর্জরিত না থাকলে দলে জায়গা পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিলেন তিনি। অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার হওয়া সত্ত্বেও কপাল পুড়েছে তার।

 

এর আগে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও (ইউরো) রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে নেয়নি স্পেন। তবে ইউরো ২০২৪-এর শিরোপাজয়ী স্প্যানিশ স্কোয়াডে কারভাহাল, ডিফেন্ডার নাচো এবং স্ট্রাইকার হোসেলু—এই তিন রিয়াল তারকা প্রতিনিধিত্ব করেছিলেন। অবশ্য সেই টুর্নামেন্টের পর নাচো এবং হোসেলু দুজনেই সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন।

 

ঘোষিত এই দলে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড়দেরই সবচেয়ে বড় আধিপত্য লক্ষ্য করা গেছে। কাতালান ক্লাব থেকে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় (জোয়ান গার্সিয়া, কুবারসি, গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস এবং লামিন ইয়ামাল) ডাক পেয়েছেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল থেকে ৩ জন (দাভিদ রায়া, মার্তিন জুবিমেন্দি, মিকেল মেরিনো), অ্যাথলেটিক ক্লাব থেকে ৩ জন (উনাই সিমন, লাপোর্তে, নিকো উইলিয়ামস) এবং আতলেতিকো মাদ্রিদ থেকে ৩ জন (মার্ক পুবিল, মার্কোস ইয়োরেন্তে, অ্যালেক্স বাএনা) দলে জায়গা করে নিয়েছেন।

 

বিশ্বকাপে গ্রুপ এইচে স্পেনের সঙ্গী কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। দলে ইয়ামাল ও উইলিয়ামসের মতো তারকাদের উপস্থিতির কারণে, অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার দৌড়ে লা রোখাদের অন্যতম ফেবারিট হিসেবেই গণ্য করা হচ্ছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন