ট্রাকের হেল্পার থেকে সম্পদের পাহাড়: উখিয়ার নুরুল কবিরকে ঘিরে প্রশ্নের ঝড়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৬:০৭ অপরাহ্ণ

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধিকে কেন্দ্র করে স্থানীয় জনপদে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একসময় ট্রাকের হেল্পার হিসেবে জীবিকা নির্বাহ করা নুরুল কবির বর্তমানে বিপুল সম্পদের মালিক বনে গেছেন বলে অভিযোগ উঠেছে। তার এই আর্থিক উত্থানের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মজীবনের শুরুতে নুরুল কবির ট্রাকের হেল্পার হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি একটি ছোট ফ্লেক্সিলোডের দোকান চালু করেন। পরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা শুরু করেন। তবে স্থানীয়দের দাবি, তার দৃশ্যমান ব্যবসার পরিধি ও বর্তমান সম্পদের পরিমাণের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।

অভিযোগ রয়েছে, গত কয়েক বছরে নুরুল কবিরের নামে-বেনামে বিপুল পরিমাণ জমিজমা, বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ গড়ে উঠেছে। এসব সম্পদের প্রকৃত উৎস ও অর্থায়নের বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে।

অনুসন্ধানে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সীমান্তবর্তী অঞ্চলে ইয়াবা কারবারের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তাদের দাবি, বৈধ ব্যবসার আড়ালে গড়ে ওঠা একটি মাদক নেটওয়ার্কের মাধ্যমে তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। যদিও এসব অভিযোগের স্বপক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের চূড়ান্ত রায় পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন থানায় নুরুল কবিরের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে। তবে মামলাগুলোর বর্তমান অবস্থা, তদন্তের অগ্রগতি কিংবা বিচারিক প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল কবির বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।”

তবে স্থানীয়দের প্রশ্ন, সীমিত পরিসরের ব্যবসা পরিচালনা করে কীভাবে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়া সম্ভব হলো? তার নামে-বেনামে থাকা কথিত সম্পদের উৎস কী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরপেক্ষ অনুসন্ধান ও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পদের এই রহস্যময় উত্থান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এবং একাধিক মামলার তথ্য—সব মিলিয়ে উখিয়ার হলদিয়াপালংয়ে নুরুল কবির এখন আলোচিত এক নাম। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং সম্পদের উৎস উদঘাটনে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন