কক্সবাজার সমুদ্রসৈকতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়ম অমান্য করে সৈকতে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার ১২ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তিন যুবক একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে সৈকতের বালুচরে ঘুরাঘুরি করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের সৈকতে মোটরসাইকেল চালানোর বিষয়ে সতর্ক করতে গেলে তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেন।
অভিযোগ অনুযায়ী, ওই তিন যুবক বলেন, “আমরা তিনজনই পুলিশ সদস্য। সৈকতে বাইক চালাতে আমাদের কোনো আইনের প্রয়োজন নেই, আমরা যা বলি সেটাই আইন।” এরপরও তারা সৈকতে মোটরসাইকেল নিয়ে চলাচল অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মোটরসাইকেলটির নাম্বার প্লেটে ‘পুলিশ’ লেখা ছিল। বাইকটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ল ১৮-৯৯১৫ বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের নিরাপত্তা এবং সৈকতের শৃঙ্খলা রক্ষার্থে যেখানে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, সেখানে এ ধরনের আচরণ দায়িত্বশীলতার পরিপন্থী এবং জনমনে প্রশ্নের সৃষ্টি করে।
তবে অভিযুক্ত ব্যক্তিরা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য কিনা, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ১২:২৫ পূর্বাহ্ণ