৭টায় আর্জেন্টিনার ম্যাচ, ব্রাজিলকে খোঁচা মেরে আর্জেন্টিনা সমর্থকদের ফেসবুক পোস্ট

রবিউল ইমরান
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ৩:২৪ পূর্বাহ্ণ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে আজ  আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।

তবে ম্যাচকে ঘিরে শুধু আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে নিয়ে ট্রল ও ব্যঙ্গ-বিদ্রূপ। খেলা সকাল ৭টায় হওয়ায় অনেক আর্জেন্টিনা সমর্থক ফেসবুকে ‘ব্রাজিল টাইম’, ‘সেভেন আপ টাইম’ কিংবা ‘৭টার খেলা, তাই ব্রাজিলের কথা মনে পড়ছে’—এ ধরনের স্ট্যাটাস দিচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, এই ট্রলের পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের এক তিক্ত স্মৃতি। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে  ব্রাজিল নিজেদের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করেছিল। সেই ম্যাচের পর থেকেই প্রতিপক্ষ সমর্থকরা ব্রাজিলকে ব্যঙ্গ করে ‘সেভেন আপ’ নামে ডাকতে শুরু করেন।

ফলে আজকের ম্যাচটি সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ায় ‘৭’ সংখ্যাটিকে সেই ঐতিহাসিক পরাজয়ের সঙ্গে মিলিয়ে আবারও ব্রাজিলকে খোঁচা দিচ্ছেন আর্জেন্টিনা সমর্থকরা। মুহূর্তেই এসব পোস্ট, মিম ও ট্রল ছড়িয়ে পড়েছে ফেসবুকজুড়ে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

এদিকে বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশন শুরু করতে আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীদের চোখ এখন লিওনেল মেসিদের দিকেই, তবে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেভেন আপ’ ট্রলই যেন আলোচনার কেন্দ্রে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন