কক্সবাজার সিটি কলেজের অভ্যন্তরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম। তিনি কলেজের বিএমটি বিভাগের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি) ট্রেডের শিক্ষার্থী। তার রোল নম্বর ৪৭।
কলেজ সূত্র জানায়, সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে একটি ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কলেজ প্রশাসনের দাবি, ভিডিওটি প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি কলেজের শৃঙ্খলা, নীতিমালা ও আচরণবিধির পরিপন্থী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।
তদন্ত শেষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাকিবুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কলেজ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তবে কোন ভিডিওর বিষয়বস্তুর কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বহিষ্কৃত শিক্ষার্থী রাকিবুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ৭:১৯ অপরাহ্ণ