আটকের পর মধ্যরাতেই এমপিপুত্র সজীবকে ছেড়ে দিলো ডিবি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ২:১৭ অপরাহ্ণ

চাঁদাবাজির অভিযোগে আটককৃত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় পরিবারের জিম্মায় গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ এবং তার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করে দেখা হবে। রবিবার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

এর আগে রবিবার বিকেলে সজীবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।

 

সে সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।

 

পরে রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের হেফাজত থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য খায়রুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

 

তবে জিজ্ঞাসাবাদ শেষে কোনো মামলা ছাড়াই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন