স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর বাড়ি ছেড়েছিলেন জাফর, সন্ধ্যায় ফিরলেন লাশ হয়ে

নিজস্ব প্রতিবেদক,
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ১১:৪৮ অপরাহ্ণ

স্ত্রীর সঙ্গে সামান্য মনোমালিন্যের পর সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মাইক্রোবাসচালক জাফর। কিন্তু কর্মস্থল থেকে আর জীবিত ফেরা হলো না তার। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারিয়ানালা এলাকায় যাত্রীবাহী একটি সি-লাইন বাসের সঙ্গে জাফরের চালিত মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত জাফরের বাড়ি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ডাকুয়া পাড়ায়। পরিবারের সদস্যদের ভাষ্য, আগের রাতে স্ত্রীর সঙ্গে তার সামান্য মনোমালিন্য হয়েছিল। এরপর শুক্রবার সকালে তিনি মাইক্রোবাস নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যায় পরিবারের কাছে পৌঁছে তার মৃত্যুর সংবাদ।

 

কক্সবাজার সদর হাসপাতালে স্বামীর মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন জাফরের স্ত্রী। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, *”রাতে আমাদের সামান্য মনোমালিন্য হয়েছিল। সকালে সে গাড়ি নিয়ে বের হয়ে যায়। সন্ধ্যায় খবর পেলাম, আমার স্বামী মারা গেছে।”*

 

পরিবার জানায়, জাফরের একটি ছোট সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানকে ঘিরে পরিবারের যে স্বপ্ন ছিল, মর্মান্তিক এই দুর্ঘটনায় তা মুহূর্তেই ভেঙে যায়।

 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতাল ও নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন