আবেদনকারীর মায়ের নামের বানান ভুল নিয়ে তর্কে জড়ানো সেই কর্মকর্তার বদলি।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ১০:২২ অপরাহ্ণ

টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে মায়ের নামের ইংরেজি বানান নিয়ে এক আবেদনকারীর সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা আবজাউল আলমকে বদলি করা হয়েছে।

 

শনিবার রাতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রুটিন দায়িত্বে) এ টি এম আবু আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, আবজাউল আলমকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিসা সেলে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকার উত্তরার পার্সোনালাইজেশন কমপ্লেক্সের বেসিক ক্লিয়ারেন্স শাখায় সংযুক্ত করা হয়েছে। আগামী ৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

যদিও প্রজ্ঞাপনে বদলির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে এটি ‘জনস্বার্থে’ করা হয়েছে বলে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে মায়ের নামের ইংরেজি বানান নিয়ে এক আবেদনকারীর সঙ্গে কর্মকর্তার তর্ক-বিতর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই এই বদলির আদেশ জারি করা হয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন