কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকা থানায় জমা দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পে কর্মরত আনসার সদস্য মো. রবিউল হোসেন। তাঁর এ মহৎ কাজে সহযোগিতা করেন একই ক্যাম্পের আনসার সদস্য নিরঞ্জন দাশ। তাঁদের এই সততার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার।
জানা গেছে, গত ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে দায়িত্ব পালন শেষে ফেরার পথে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি ব্যাগে সর্বমোট দুই লাখ টাকা খুঁজে পান আনসার সদস্য মো. রবিউল হোসেন ও নিরঞ্জন দাশ। টাকার প্রতি কোনো লোভ না দেখিয়ে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সদর মডেল থানাকে অবহিত করেন এবং সম্পূর্ণ টাকা থানার কাছে নিরাপদে হস্তান্তর করেন।
পরে কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তদন্তের মাধ্যমে টাকার প্রকৃত মালিককে শনাক্ত করে তার হাতে দুই লাখ টাকা বুঝিয়ে দেয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “আনসার সদস্যরা টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি আমাদের জানালে আমরা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। তাঁর নির্দেশনায় থানার একজন কর্মকর্তাকে পাঠিয়ে টাকা থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করে তার হাতে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।”
এদিকে আনসার সদস্যদের অসাধারণ সততা, দায়িত্ববোধ ও মানবিকতার খবর পেয়ে কক্সবাজার জেলার পুলিশ সুপার তাঁদের কার্যালয়ে ডেকে নেন। এ মহৎ কাজের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সততার স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন।
এই ঘটনা আবারও প্রমাণ করেছে—সততাই সর্বোত্তম নীতি। আনসার সদস্যদের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ সমাজে সততা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৫:৪১ অপরাহ্ণ