কক্সবাজারসহ দেশের সব সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার, কাল পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা

মোহাম্মদ আবান
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ১:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হান্নান জানান, সাগরের পরিস্থিতির উন্নতি হওয়ায় সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামীকাল পর্যন্ত কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও বলেন, টানা বর্ষণের কারণে পাহাড়ধস, জলাবদ্ধতা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি এখনো রয়ে গেছে। বিশেষ করে পাহাড়ঘেঁষা এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, কয়েক দিনের টানা বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক নিম্নাঞ্চল এখনো পানির নিচে রয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন