ইরানের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত হলে, তেহরানের মাটিতে অভাবনীয় হামলা চালাবে মার্কিন বাহিনী। শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্ক পোস্টের সাথে আলাপে মার্কিন প্রেসিডেন্ট এমন চাঞ্চল্যকর তথ্য দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হত্যার মতো কিছু ঘটলে মার্কিন বাহিনীকে নির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন না তিনি। তাই আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন। ইরানের ওপর এমনভাবে বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনও দেখেনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাচ্ছে। মৃত্যুর পরে সবাই তার শূন্যতা অনুভব করবেন এমনটি আশা করছেন ডোনাল্ড ট্রাম্প।
গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠেছে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। বিশেষ করে ইসরাইলের গোয়েন্দারা এমন দাবি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, তেহরান-ওয়াশিংটন উত্তেজনা বাড়ানোর জন্যই এ ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে ইসরাইল।
এদিকে, হরমুজ প্রণালি ঘিরে নতুন করে সংঘাতের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আলোচনা এগিয়ে নিতে আগ্রহী ওয়াশিংটন-তেহরান। এক্ষেত্রে হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচলের পাশাপাশি হামলা বন্ধে ইরানের প্রকাশ্য বিবৃতি চেয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সমঝোতা স্মারকের অধীনে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ