মিয়ানমারে বাংলাদেশি সার ও তেল পাচার করে দেশে ফেরার সময় কক্সবাজারের উখিয়ায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক।
আটকরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।
বিজিবি জানায়, পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গুইল্লাখালী সীমান্ত দিয়ে দুই ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা বাংলাদেশ থেকে সার ও তেল মিয়ানমারে পাচার করে ওই টাকা নিয়ে দেশে ফিরছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

আবদুল্লাহ আল সম্রাট
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৯:০১ অপরাহ্ণ