বঙ্গোপসাগরে লঘুচাপে উত্তাল সাগর: ঝড়ো হাওয়াসহ ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১১:৪০ পূর্বাহ্ণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এ সতর্কবার্তা জারি করে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এরও আগে গত রোববার গভীর বঙ্গোপসাগরের প্রায় ৫০ কিলোমিটার এলাকায় গলাচিপা উপজেলার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন আরেকটি মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১১ জন জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হলেও ছয়জন এখনও নিখোঁজ রয়েছেন।

 

 

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। দমকা হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং অস্বাভাবিক উচ্চতার ঢেউয়ের কারণে সমুদ্রে মাছ ধরা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে একের পর এক ট্রলার দুর্ঘটনার শিকার হওয়ায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে আরও অন্তত পাঁচটি মাছধরা ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা জানান, সাম্প্রতিক সময়ে সাগরে বৈরী আবহাওয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে হচ্ছে। তারা নিখোঁজ জেলেদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

 

 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন