কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপে একটি বসতঘর দখলচেষ্টা, ভাঙচুর ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও হামলার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইসহাক, একরাম সহ স্থানীয় কিছু ব্যাক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চিহ্নিত সন্ত্রাসী মুহাম্মদ ইসহাক ও একরামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাফেজ রহিম উল্লাহর বসতবাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা পুরো বাড়িটি দখলে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে হামলার বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত মুহাম্মদ ইসহাক ও একরাম তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত সমাধান এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ