আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু, হালদা ও মাতামুহুরী নদীর পানি বাড়তে শুরু করতে পারে। এরপরের দুই দিনে এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র জানায়, তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মোহাম্মদ আবান
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৫:১৩ অপরাহ্ণ