চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি টয়োটা জিপ থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে।
পরে থানা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশিতে জিপটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং গাড়িচালক মোহাম্মদ আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, আল মামুনের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে।
একই দিন বিকেল ৪টার দিকে আমিরাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্টে হানিফ সুপার পরিবহনের যাত্রী মো. সিদ্দিককে (৪৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে এক্স-রে পরীক্ষার পর চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে চুনতি এলাকায় আরেকটি চেকপোস্টে একটি মোটরসাইকেলের গিয়ার বক্সের ভেতর লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবাসহ চালক ইলিয়াছ হাবিবকে (২৬) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া দিবাগত রাত ২টার দিকে একই এলাকায় ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের এক যাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে মিজানুর রহমানকে (২৯) আটক করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক চারটি অভিযানে মোট ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ১১:২৬ অপরাহ্ণ