টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে।
এছাড়া একই সময় গোড়াই ফ্লাইওভার ব্রিজের পাশে ও এর আশপাশে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা প্রথমে অগ্নিসংযোগ করে। এর কয়েক মিনিট পর ওই এলাকার গোড়াইতে হাটুভাঙ্গা ফ্লাইওভার ব্রিজের নিচে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই শহীদ স্মৃতিস্তম্ভ পুড়ে যায়। এই ঘটনার পর গোড়াই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা ঠেকাতে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই এবং মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ১০:৩২ পূর্বাহ্ণ