মাসের শুরুতে বেতন হাতে পেয়েই সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। নিত্যপণ্য, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপে মাসের মাঝপথেই ফুরিয়ে যাচ্ছে আয়ের টাকা। বাকি দিনগুলো কাটে বাকিতে কেনাকাটা কিংবা জমানো টাকা ভেঙে। মাসের শেষ সপ্তাহে অনেক পরিবারের বাজারের ব্যাগ ছোট হয়ে আসে। মাছ-মাংসের বদলে খাবারের তালিকায় জায়গা নেয় ডাল, আলু, ডিম ও কম দামের সবজি। এমন পরিস্থিতিতে ২৪ লাখ সরকারি চাকরিজীবীর বেতন বাড়ানো হলেও বেসরকারি খাত, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ দেশের বিশাল জনগোষ্ঠীর আয় বাড়ানোর কোনো উদ্যোগ নেই। ফলে একই বাজার থেকে চড়া দামে পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে, যার বিপরীতে মজুরি বৃদ্ধির হার মাত্র ৭ দশমিক ৬৩ শতাংশ। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণ করে সংসার চালাচ্ছে।
মালিবাগ কাঁচাবাজারে নিত্যপণ্য কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মইনুল ইসলাম (৪৮) যুগান্তরকে বলেন, আমি মাসে ৪৫ হাজার টাকা বেতন পাই। তা দিয়ে পরিবারের ছয় সদস্যের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। খেয়ে-পরে বেঁচে থাকতে অল্প পরিমাণে পণ্য কিনতে হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় তারা স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু আমাদের হিমশিম খেতে হচ্ছে। আগে বেতন দিয়ে মাসের ৩০ দিন ভালোভাবে চলত, এখন সপ্তাহ ফুরাতেই বাজেট শেষ হয়ে যাচ্ছে। বাসাভাড়া, চিকিৎসা, বিদ্যুৎ ও গ্যাস বিল-সব কিছুতেই ব্যয় বেড়েছে, কিন্তু গত পাঁচ বছরে আয় বাড়েনি।
জানতে চাইলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, সরকারের সামনে বড় চ্যালেঞ্জ শুধু মূল্যস্ফীতির হার কমানো নয়, মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনা। এজন্য বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো, অযৌক্তিক মুনাফা ও মজুতদারি নিয়ন্ত্রণ, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত মধ্যবর্তী ব্যয় কমানো এবং বাজারে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শ্রমজীবীদের মজুরি পুনর্নির্ধারণ, বেসরকারি খাতে আয় বৃদ্ধির পরিবেশ তৈরি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কারণ, মূল্যস্ফীতির অভিঘাত এখন আর বাজারের দামের তালিকায় সীমাবদ্ধ নেই; এটি মানুষের খাবারের পাতে, সন্তানের শিক্ষায়, চিকিৎসার সিদ্ধান্তে এবং ভবিষ্যতের সঞ্চয়ে আঘাত করছে। ফলে মাসের শুরুতে যে আয় দিয়ে ৩০ দিনের সংসার চালানোর পরিকল্পনা করা হয়, তা দিয়ে অনেক পরিবারকে ১৫ থেকে ২০ দিন পার করতেই হিমশিম খেতে হচ্ছে।
বাজারে পণ্যমূল্য পরিস্থিতি : এদিকে গত দুই দিনের টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ ঘাটতির অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। শুক্রবার রাজধানীর খুচরা বাজারে সবজির দাম কিছুটা বাড়তি দেখা গেছে। এদিন প্রতি পিস ফুলকপি বিক্রি হয়েছে ৪০ টাকায়। এছাড়া প্রতি কেজি পটোল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দল ৮০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, মানভেদে শিম ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো ১৬০ টাকা, পুরোনো টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়েছে।
খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা ও দেশি মুরগি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। পাশাপাশি বাজারভেদে প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া ও পাঙাশ ১৮০ টাকা, রুই ৩৪০ থেকে ৩৮০ টাকা, সামুদ্রিক বাইলা ও পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৬০০ টাকা এবং কই মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ১১:৩৪ পূর্বাহ্ণ