কক্সবাজারে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিত, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং মেয়েদের ক্ষমতায়নে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে রুম টু রিড বাংলাদেশের জেন্ডার ইকুয়্যালিটি পোর্টফোলিও (জিইপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ও যুগ্মসচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, কন্যাশিশুদের বড় স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাস, অধ্যবসায় ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে উৎসাহিত করতে হবে। জীবনের লক্ষ্য অর্জনে পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা কন্যাশিশুদের আগেই শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির হটলাইন নম্বর সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে, যাতে হয়রানির ঘটনায় দ্রুত অভিযোগ ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বপ্ন বাস্তবায়নে পরিবার, বিদ্যালয় ও প্রশাসনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম কক্সবাজারসহ দেশের নয়টি জেলায় রুম টু রিডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অপারেশনস ডিরেক্টর বদরুজ্জামান বাদল স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য তাদের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। এ সময় জিইপি কার্যক্রমের সহায়তায় জীবনে ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন একজন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।
এ ছাড়া এসএসসি উত্তীর্ণ জিইপি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় ও অংশীজনদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে কক্সবাজারের ছয়টি কলেজ ও ১৮টি বিদ্যালয়ের প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন সহযোগী, সাংবাদিক এবং রুম টু রিড বাংলাদেশের প্রতিনিধিসহ মোট ১৯০ জন অংশ নেন।
অনুষ্ঠান থেকে কন্যাশিশুর শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি শিশুবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ