গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্তের পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পদপ্রত্যাশী নেত্রী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।
২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের ছাত্রলীগের কর্মসূচিতে বসা নিয়ে ঢাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগ ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
অনুষ্ঠানের সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তারা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা।
পরে অনুষ্ঠান শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা।
রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। আর তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ২:৩৩ অপরাহ্ণ