খুঁজুন
, ,

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমল প্রায় ১৪ শতাংশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমল প্রায় ১৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির পর থেকেই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তেলের দাম হ্রাস পেয়েছে প্রায় ১৪ শতাংশ।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইরান। সেই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক এক্সবার্তায় জানান, যুদ্ধবিরতির এই ১৫ দিন হরমুজ প্রণালি সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে হরমুজ পেরোনোর আগে অবশ্যই ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নিতে হবে।

এই দুই ঘোষণা পর পর পরই কমতে শুরু করে তেলের দাম। বাজার সংস্থাগুলোর বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি এবং হরমুজে অবরোধ শিথিলের খবরের পর থেকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ কম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডে দাম কমেছে ১৪ দশমিক ৮৪ ডলার।

আর অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- এর দাম কমেছে ১৬ দশমিক ১৩ ডলার। শতকরা হিসেবে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১৪ দশমিক ৩৭ শতাংশ।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই অবস্থাকে স্বাগত জানিয়েছেন। তেলের বৈশ্বিক বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে বলেছেন, “যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে অবরোধ অবসানের ঘটনা বাজারের জন্য খুবই ইতিবাচক। উত্তেজনা নিরসনের এই প্রাথমিক পর্যায়টি খুবই চমৎকার। তবে আমাদের মনে রাখতে হবে যে বাজার এখনও স্থিতিশীল হয়নি। বৈশ্বিক তেলের বাজারকে স্থিতিশীল করতে আরও অনেক কাজ এখনও বাকি আছে।”

সূত্র : রয়টার্স

১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা সামনে এলো। ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন করে নথিপত্র সংগ্রহের উদ্যোগের পাশাপাশি তিনি দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি।

এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডের মুখোমুখি। গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। প্রাণঘাতী ওই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

এদিকে বাংলাদেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংগ্রহের উদ্যোগ ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো বলছে, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

গতকাল সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই আহ্বান।

বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে তারা।

দেশগুলো স্পষ্ট করে জানায়, আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্তের আলোকে দেশটিকে তার সব আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী ভয়াবহ সহিংসতা, নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছে। আইসিজের এই রায় প্রমাণ করে, এ ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির কোনো সুযোগ থাকা উচিত নয়।

বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারের সব নাগরিকের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে গাম্বিয়া।

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই ও বিভিন্ন দেশের হস্তক্ষেপ শেষে গত ১৯ নভেম্বর আদালত মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে ৯-৬ ভোটে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দেন।

আপিলঅযোগ্য এই রায়ে আদালত মিয়ানমারকে সব ধরনের গণহত্যা বন্ধ করা, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রদান করে।

কার্পেটিংয়ের ৬ দিন পর সাড়ে ৬ কোটি টাকার সড়কে ধস

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
কার্পেটিংয়ের ৬ দিন পর সাড়ে ৬ কোটি টাকার সড়কে ধস

শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র ৬ দিন পর ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়ার পাশাপাশি চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো সময় ফাটল ধরা অংশগুলোও ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি এনে সড়কে ব্যবহার করা হলেও ওইসব স্থানে যথাযথভাবে পাইলিং বা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এমনকি যে অংশটি বর্তমানে প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল বলে দাবি তাদের।

তখনও যথাযথভাবে রোলিং করে কাজ না করায় নির্মাণের পর আবারও একই স্থানে ধস নেমেছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে ঠিকাদার ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালী করন প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি।

সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র ৬ দিন পর সড়কের একটি অংশে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ধস দেখা দেয়। ধসে পড়া অংশে সড়কের পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের আরও অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে। চারটি স্থানে সড়কের বড় অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময়ই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।

তাদের দাবি, বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীন ওই স্থানটিও একবার ধসে পড়েছিল। তখন সেখানে পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি স্থায়ীভাবে মেরামত করা হলে নতুন করে ধস নামার ঘটনা ঘটত না।

কিন্তু তড়িঘড়ি করে কাজ শেষ করায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই আবারও ধস নেমেছে বলে অভিযোগ তাদের।

তারা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তারা দ্রুত ধসে পড়া অংশগুলো মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়া মাটি নিয়া এই জায়গায় দিছে। তখন আমরা বলছিলাম—এই মাটি দিলে আবারও ভাঙবো; কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। কোনো রকম বালু আর খোয়া দিয়া কাজ কইরা পিচ দিয়া গেলো। এখন আবার ভাঙলো। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করতো আজকে এমন হইতো না।’

আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহ হয় নাই রাস্তাটা ভাইঙ্গা পড়ছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, করে নাই। তার ওপর রাস্তার পাশ থেকেই মাটি কাইটা রাস্তায় দিছে, এজন্য মাটি ভাইঙ্গা পইড়া গেছে। রাস্তার সাইডে যদি মাটি না থাকে তাহলে কীভাবে রাস্তা থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’

ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটা নির্মাণাধীন কাজ, আমরা সমাধান করে দেব।’

স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বললো না বললো, এটা কোনো বিষয় না। তারা কাজের কী বুঝে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরায় কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় রেকর্ড করা বক্তব্যে তাকে বলতে শোনা যায়, ‘আমি কোনো বক্তব্য দিতে পারবো না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেয়া লাগবে না আপনারা জিয়া ভাইয়ের (ঠিকাদার জিয়াউর রহমান) সঙ্গে কথা বলেন, তাহলেই হবে।