খুঁজুন
, ,

বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে
বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ময়মনসিংহ সেক্টরের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপ, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম তুলে ধরেন।

সেক্টর কমান্ডার বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়ন দিনরাত দায়িত্ব পালন করছে। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে কর্নেল নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিজিবির সাফল্যের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। দেশের সীমান্ত রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

মৃত্যুবার্ষিকীতে আলোচনায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য

জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে

ছবি: এআই

বিএনপির প্রভাবশালী নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার একটি বক্তব্য। নিজের বিরুদ্ধে চলা মামলার বিচারকালে তিনি বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’

গতকাল রোববার (২২ নভেম্বর) তার মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো বক্তব্যটি নতুন করে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বক্তব্যটি নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।

২০১৫ সালের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তার সেই বক্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিচার চলাকালে করা মন্তব্যটি আবার সামনে আনছেন। ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক এই সদস্য নিজের বিচার চলাকালে ট্রাইব্যুনালকে সচল রাখার কথা বলেছিলেন। তার বক্তব্যের একটি অংশ ছিল, ‘এখানে একদিন হাসিনারও বিচার হবে।’

সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তার বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। ২০১২ সালের ৪ এপ্রিল তার বিরুদ্ধে ২৩টি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পরে আপিল বিভাগেও মৃত্যুদণ্ড বহাল থাকে। ২০১৫ সালের ১৮ নভেম্বর আপিল বিভাগের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তার মৃত্যুদণ্ড কার্যকরের পথ তৈরি হয়। ওই বছরের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। একই রাতে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারপ্রক্রিয়া নিয়ে সে সময় দেশি-বিদেশি বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষের সাক্ষী হাজিরের সুযোগ সীমিত করার সমালোচনা করেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, রাষ্ট্রপক্ষকে ৪১ জন সাক্ষী হাজির করার সুযোগ দেওয়া হলেও আসামিপক্ষের জন্য সাক্ষীর সংখ্যা চারজনে সীমাবদ্ধ রাখা হয়েছিল। তার পক্ষে অ্যালিবাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করার বিষয়টিও সমালোচনার মুখে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছিল।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর ১১ বছর পূর্তি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাউজানের গহিরায় পারিবারিক বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে পরিবারের সদস্য, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পরিবারের সদস্যরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সেই তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সেই তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্তের পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পদপ্রত্যাশী নেত্রী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের ছাত্রলীগের কর্মসূচিতে বসা নিয়ে ঢাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগ ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অনুষ্ঠানের সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তারা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা।

পরে অনুষ্ঠান শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা।

রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। আর তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তেই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের রায় এবং সংসদীয় কমিটির সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্থায়ীভাবে বাতিল করা হয় সর্বজনগৃহীত এ ব্যবস্থা। রাজনীতিবিদ ও আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমেই রাজনীতিতে শুরু হয় দীর্ঘস্থায়ী সংকট। আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী করার সাংবিধানিক আয়োজন করে আওয়ামী লীগ।

১৯৯৪ সাল থেকে আড়াই বছরে ৯৬ দিন হরতাল, অবরোধ আর অসহযোগ আন্দোলন। তত্ত্বাবধায়কের পক্ষে শেখ হাসিনার ছিল জোরালো বক্তব্য। বিএনপি সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে এককাতারে ছিল জামায়াত, জাতীয় পার্টিসহ কয়েকটি দলও।

তীব্র আন্দোলনের মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আবারও ক্ষমতায় এসে একটিমাত্র অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাস করে খালেদা জিয়ার সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে ২১ বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে অষ্টম সংসদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এবং নবম সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরপরই বাধে বিপত্তি।

নিজেদের আদায় করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে নানা বক্তব্য আসতে থাকে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে। এরইমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে হওয়া দুটি মামলা হাইকোর্টে খারিজ হলেও আপিলের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনীকে ভবিষ্যতের জন্য অসাংবিধানিক ঘোষণা করে সংক্ষিপ্ত এবং বিভক্ত আদেশ দেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা। একই সঙ্গে আদালত রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পক্ষে আদেশ আসে।

পঞ্চম সংশোধনী বাতিলের উচ্চ আদালতের রায় বাস্তবায়ন ও অবৈধভাবে ক্ষমতা দখল রোধে বিশেষ সংসদীয় কমিটি গঠন করে আওয়ামী লীগ সরকার। যদিও সে কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন না। একাধিক বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনের সর্বসম্মত সুপারিশ করে। ঠিক একদিন পরই ৩০ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে পাল্টে যায় কমিটির সুপারিশ। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া বলেন, কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ওই কমিটির চেয়ারপারসনের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি প্রাইভেট মিটিং হয়। রাতারাতি ওই সিদ্ধান্ত উল্টে দিয়ে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখা হবে না। এটি পুরোপুরি হটকারী প্রক্রিয়া ছিল।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে শুরু হয় রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংকট। সারাদেশে আন্দোলনে নামে বিএনপি, জামায়াতসহ বিরোধী দলগুলো। কিন্তু বিরোধীদের ওপর দমনপীড়ন চালিয়ে বারবার একতরফা নির্বাচন করতে থাকে শেখ হাসিনা সরকার। দশম এবং দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেন বিরোধীরা। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট অংশ নিলেও রাতের আধারেই রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় আবারও ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা নেতারা জানান, তত্ত্বাবধায়ক বাতিলের মধ্য দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার সাংবিধানিক আয়োজন করেছিল আওয়ামী লীগ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয়ার মধ্যদিয়ে একটি সাংবিধানিক আয়োজন তারা করেছে। তখনই বোঝা গিয়েছিল তারা নির্বাচন নির্বাচন খেলা করবে, ভোটের আয়োজন করবে। কিন্তু মানুষ আসলে ভোট দিতে পারবেন না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি সুপ্রিম কোর্টের দ্বিধাবিভক্ত একটি রায় ছিল। এ ধরনের একটি রায়ে তৎকালীন চিফ জাস্টিসও পারশিয়ালিটি করলেন। তার নিজস্ব ভোটে তিনি এটি বাতিল করলেন। বিচার বিভাগে এটি লজ্জাজনক।

বিএনপি নেতারা জানান, একতরফা নির্বাচন নিশ্চিত করতেই আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুখোশধারী হিসেবে শেখ হাসিনা সবসময় গণতন্ত্রের কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় যখনই গেছেন ফ্যাসিবাদীর পক্ষ নিয়েছে। আর বিএনপি আগাগোড়া গণতন্ত্রের জন্য লড়াই করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারা (আওয়ামী লীগ) দেশের সর্বোচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে তারা একটি জাজমেন্ট নিয়েছিলেন।

একের পর এক বিরোধী দলবিহীন নির্বাচনেও শেষ রক্ষা হয়নি স্বৈরাচারী শেখ হাসিনার। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনতার ক্ষোভের আগুনে ২০২৪ এর ৫ আগস্ট পতন হয় ফ্যাসিবাদী শাসনের। আদালতের রায়ে আবারও ফিরে আসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।