খুঁজুন
, ,

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সেই তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সেই তাপসীকে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্তের পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পদপ্রত্যাশী নেত্রী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের ছাত্রলীগের কর্মসূচিতে বসা নিয়ে ঢাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগ ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অনুষ্ঠানের সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তারা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা।

পরে অনুষ্ঠান শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা।

রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। আর তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

ডাকাত ধরতে গিয়ে চকরিয়ার ওসিসহ ৭ পুলিশ মামলার আসামি, অভিযান ঠেকাতেই কি ডাকাতদের কৌশল?

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
ডাকাত ধরতে গিয়ে চকরিয়ার ওসিসহ ৭ পুলিশ মামলার আসামি, অভিযান ঠেকাতেই কি ডাকাতদের কৌশল?

ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমানসহ সাত পুলিশ সদস্য। বান্দরবানের লামার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের বাড়িতে অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

তবে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে উঠে এসেছে, অভিযানের লক্ষ্যবস্তু বাড়িটি ডাকাত তৌহিদের হলেও সেটি তার শ্যালক সৌদি আরবপ্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে। পুলিশের অভিযানকে বিতর্কিত করে ভবিষ্যতে ডাকাতবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

গত ২৩ নভেম্বর বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামার ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানো হয়।

পরে ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ। তবে স্থানীয় সূত্রের দাবি, আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক রিয়াদ। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে প্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। সূত্রগুলোর ভাষ্য, তৌহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে বাড়িটির মালিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করার ঘটনাও ডাকাতবিরোধী অভিযানকে বিতর্কিত করার কৌশল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। প্রায় পাঁচ বছর ধরে সেখানে ভবনটির নির্মাণকাজ চলছে বলে জানা গেছে।

মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা সামনে এলো। ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন করে নথিপত্র সংগ্রহের উদ্যোগের পাশাপাশি তিনি দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি।

এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডের মুখোমুখি। গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। প্রাণঘাতী ওই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

এদিকে বাংলাদেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংগ্রহের উদ্যোগ ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো বলছে, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

গতকাল সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই আহ্বান।

বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে তারা।

দেশগুলো স্পষ্ট করে জানায়, আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্তের আলোকে দেশটিকে তার সব আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী ভয়াবহ সহিংসতা, নিপীড়ন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে আসছে। আইসিজের এই রায় প্রমাণ করে, এ ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির কোনো সুযোগ থাকা উচিত নয়।

বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারের সব নাগরিকের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে গাম্বিয়া।

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই ও বিভিন্ন দেশের হস্তক্ষেপ শেষে গত ১৯ নভেম্বর আদালত মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে ৯-৬ ভোটে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় দেন।

আপিলঅযোগ্য এই রায়ে আদালত মিয়ানমারকে সব ধরনের গণহত্যা বন্ধ করা, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ প্রদান করে।