খুঁজুন
, ,

‘আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
‘আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির’
শেয়ার করুন

জামায়াত-শিবির সুকৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে ‘নিষিদ্ধ আ. লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?’ আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে। তিনি লেখেন, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করত, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানত? আর সারা দেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল? ছিল না। সুতরাং একটা দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না।

জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে বলে অভিযোগ করেনে রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামী লীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে।

এ ছাড়া ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, ‘কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দগোষ্ঠী জামায়াত-শিবির।’

ফেসবুক পোস্টের শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা ৩ মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

ঋণ জালিয়াতি মামলা: সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
ঋণ জালিয়াতি মামলা: সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে রায় ১৯ নভেম্বর
শেয়ার করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর।

বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রায়ের এ দিন ধার্য করেন।

মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের শেষ পর্যায়ে পৌঁছেছে মামলাটি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন। তিনি বলেন, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।

দুদকের অভিযোগপত্র অনুযায়ী, ভিশন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদিত ঋণের ২৫ কোটি টাকা চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। এসব প্রতিষ্ঠানও আরামিট গ্রুপের কর্মচারীদের নামে নিবন্ধিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিভিন্ন হিসাব থেকে অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর করা হয়।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভিশন ট্রেডিংয়ের ট্রেড লাইসেন্স করা হয়। ওই লাইসেন্স ব্যবহার করে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবির চট্টগ্রামের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়।

পরের বছরের ১৩ ফেব্রুয়ারি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ঋণের আবেদন করা হয়। দুদকের অভিযোগ, প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে। পরে পে-অর্ডারের মাধ্যমে ঋণের অর্থ চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, স্থানান্তরিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়। এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে অর্থ জমা দিয়ে দায় সমন্বয় করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব লেনদেনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে দুদক।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান গত বছরের ২৪ জুলাই মামলাটি করেন। শুরুতে ৩১ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী এবং ব্যাংক ও আরামিট গ্রুপের সাবেক কর্মকর্তারা।

মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৯২ জনকে সাক্ষী করা হয়। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, গত ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ৪ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৪ অক্টোবর সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান। এরপর ২৫ অক্টোবর থেকে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়।

সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের আরও মামলা রয়েছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের নামে থাকা সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।

কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড
শেয়ার করুন

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তাঁর মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার বলেন, ‘২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁকের কথা বলে তাহমিনা বেগমের বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও হত্যা করেন তিনি।’

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
শেয়ার করুন

আজ (১১ নভেম্বর) আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে দিনটি ‘সিঙ্গেলস ডে’ (Singles’ Day) নামে পরিচিত। অবিবাহিত মানুষের জীবনযাপন, ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজের মতো করে জীবন উপভোগ করার বিষয়গুলোকে গুরুত্ব দিতেই প্রতিবছর দিনটি উদ্‌যাপন করা হয়।

 

চীনে এই দিবসের সূচনা হলেও সময়ের সঙ্গে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সিঙ্গেল বা অবিবাহিত হওয়াকে নেতিবাচকভাবে না দেখে নিজের পছন্দ, স্বাধীনতা ও আত্মতৃপ্তিকে উদ্‌যাপন করাই দিনটির অন্যতম উদ্দেশ্য।

 

সিঙ্গেলস ডে পালনের পেছনে রয়েছে ১১.১১ তারিখের বিশেষত্ব। তারিখটিতে চারটি ‘১’ থাকায় একা বা অবিবাহিত মানুষের প্রতীক হিসেবে দিনটিকে বিবেচনা করা হয়।

 

জানা যায়, ১৯৯০-এর দশকে চীনের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে দিনটি উদ্‌যাপনের প্রচলন শুরু হয়। প্রথমদিকে অবিবাহিত তরুণেরা নিজেদের একক জীবন উদ্‌যাপনের উপলক্ষ হিসেবে দিনটি পালন করতেন। এদিন বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া কিংবা নিজেদের পছন্দমতো সময় কাটানোর আয়োজন করতেন তাঁরা। ধীরে ধীরে এই আয়োজন চীনের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে।

 

তবে সময়ের সঙ্গে সিঙ্গেলস ডের উদ্‌যাপনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বর্তমানে দিনটি শুধু অবিবাহিত মানুষের আনন্দ-উৎসবেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসব হিসেবেও পরিচিতি পেয়েছে।

 

বিশেষ করে চীনের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এ উপলক্ষে নানা ধরনের ছাড়, বিশেষ অফার ও আকর্ষণীয় মূল্যছাড়ের আয়োজন করে। অনলাইন কেনাকাটার পাশাপাশি বিভিন্ন বিপণিবিতান ও দোকানেও চলে বিশেষ বিক্রয় কার্যক্রম।

 

বিক্রির পরিমাণের দিক থেকে সিঙ্গেলস ডে বিশ্বের বৃহত্তম শপিং উৎসবগুলোর একটি। বিভিন্ন প্রতিবেদনে দিনটির বিক্রির পরিমাণ ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

 

তবে বাণিজ্যিক আয়োজনের বাইরেও দিনটির রয়েছে সামাজিক গুরুত্ব। অবিবাহিত জীবন মানেই অপূর্ণতা নয়—বরং নিজের সিদ্ধান্তে জীবন পরিচালনা, ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ এবং নিজের যত্ন নেওয়ারও সুযোগ রয়েছে, এমন বার্তাই তুলে ধরে দিনটি।

 

সব মিলিয়ে সিঙ্গেলস ডে এখন একদিকে অবিবাহিত মানুষের জীবন উদ্‌যাপনের উপলক্ষ, অন্যদিকে বিশ্বব্যাপী কেনাকাটার বড় উৎসব। দিনটি মনে করিয়ে দেয়, জীবনের আনন্দ উপভোগ করতে সম্পর্কের কোনো নির্দিষ্ট অবস্থাই একমাত্র শর্ত নয়।