খুঁজুন
, ,

সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ
শেয়ার করুন

সারা দেশে সব অবৈধ ইট ভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এবং সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিদ মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, ডেপুটি অ্যাটনি জেনারেল তানিম খান ও আসাদ উদ্দিন।

 

এর আগে অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার; নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার-ধামরাই উপজেলার ইউএনও আদালতে হাজির হন। গত ২৯ জানুয়ারি অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার-ধামরাই উপজেলার ইউএনওকেও তলব করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, মহসীন কবির রকি, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

 

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সমগ্র বাংলাদেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশন শুনানি শেষে আদালত ২০২২ সালের ১৩ নভেম্বর বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৮ নভেম্বর তারিখে প্রতিটি বিভাগের বিভাগীয় কমিশনারদের অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।

 

ওই আদেশ পাওয়ার পর বিভাগীয় কমিশনার আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং সেই প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়— আগের বন্ধকৃত ইটভাটাগুলোর নাম পুনরায় বন্ধকৃত ইট ভাটার তালিকায় যুক্ত করা হয়েছে এবং সব অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে না পারায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনার এবং নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী অফিসারকে আদালতে হাজির হয়ে এ ব্যাখ্যা প্রদানের জন্য এইচআরপিবির পক্ষে আদালতে একটি সম্পূরক আবেদন করা হয়।

১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল
শেয়ার করুন

কক্সবাজারে সমুদ্র সৈকত ও তৎসংলগ্ন পর্যটন এলাকায় গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধে সচেতনতা সৃষ্টি ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকায় গবাদী পশুর মালিকের অসচেতনতার কারণে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো গবাদি পশু অবাধে বিচরণ করছে। এর ফলে সৈকতের বালিয়াড়িতে যত্রতত্র মলমূত্র ত্যাগের মাধ্যমে পরিবেশ বিঘ্নিত হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণ বিধানাবলি এবং প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

 

সৈকত এলাকার নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে সমগ্র সৈকত এলাকায় মাইকিং কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে।

 

এছাড়া আগামী ১৮ নভেম্বরের পর সৈকত ও সংলগ্ন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত পশু আটক করে তাৎক্ষণিকভাবে নিলামের ব্যবস্থা করা হবে বলে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

এমপি তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় নাশকতার আলামত পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
এমপি তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় নাশকতার আলামত পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার করুন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় নাশকতার আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে এ কথা জানান তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেয়া হয়েছে।’

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিবেদন দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘সেখানে পেট্রোল বোমার কোনো চিহ্ন বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলের সব ছবি দেখেছি। পুরোনো বাড়ি হওয়ায় শর্টসার্কিটের ঘটনাও হতে পারে।’

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তদন্ত করা হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘যেহেতু ঘটনাটির তদন্ত প্রক্রিয়াধীন, তাই আর বেশি কথা বলব না। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি উঠে এসেছে।’

ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের অনুমতি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের অনুমতি
শেয়ার করুন

একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতি পেয়েছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক- ২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে নির্দেশক্রমে পাঠদানের অনুমতি প্রদান করা হলো।

এর আগে, গত ২ এপ্রিল প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয়’ থেকে শিক্ষামন্ত্রী ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ নামে করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল ‘আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’।

 

মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার আওতাধীন এই বিদ্যালয়টির নাম পরিবর্তনের প্রস্তাবে বিভাগীয় সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

 

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে প্রতিষ্ঠানটিকে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ হিসেবে নামকরণের প্রস্তাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।