থানায় সেবা নিতে টাকার প্রয়োজন নেই, কেউ টাকা চাইলে জানাবেন: উখিয়া থানার ওসি আতিকুর রহমান
উখিয়া থানায় কোনো ধরনের পুলিশি সেবা নিতে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে বা থানার কথা বলে টাকা দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে জানাতে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি আতিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “উখিয়া থানায় পুলিশি সেবা নিতে কোনো টাকার প্রয়োজন নেই। কেউ যদি পুলিশের নাম ব্যবহার করে বা থানার কথা বলে কোনো ধরনের অর্থ দাবি করে, তাহলে বিষয়টি আমাকে সরাসরি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে ওসি বলেন, “আমি নিজেও যদি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকি, তাহলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক পুলিশি সেবা প্রতিষ্ঠায় উখিয়া থানা কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো দালাল বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন না হয়ে সরাসরি থানায় এসে প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন, সে আহ্বানও জানান তিনি।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত ও স্বচ্ছ পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন