মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন পাওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপুকে (টেসাস) এর সংবর্ধনা
মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জামিন লাভ করায় সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু সহকর্মীদের সংবর্ধনায় সিক্ত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)-এর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন টেসাসের আহ্বায়ক মমতাজুল ইসলাম মনু, সদস্য সচিব ছৈয়দুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ তাহের নাঈম, হুমায়ুন রশিদ, শামসুল আলম শারেক, রমজান উদ্দিন পটল, জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন ও আব্দুল্লাহ আল সম্রাটসহ টেসাসের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, জসিম উদ্দিন টিপু টেকনাফের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। টেকনাফের সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়মিতভাবে সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছেন।
বক্তারা আরও বলেন, সম্প্রতি ইউনিয়ন বিভাজন ইস্যুতে তিনি ধারাবাহিকভাবে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। এছাড়াও সমাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি নিয়মিত প্রতিবেদন করে আসছেন। একজন সংবাদকর্মী হিসেবে সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ।
সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইউনিয়ন বিভাজনসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জেরে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত ঘটনায় জসিম উদ্দিন টিপুকে আসামি করা হয়েছে, যা তারা মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ বা পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির যেকোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হতে পারে বলেও তারা সতর্ক করেন।

আপনার মতামত লিখুন