মহেশখালীর যুবককে বান্দরবানে গলা কে’টে হ’ত্যা
কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়ার মো. নাসির (১৯) নামে এক যুবককে বান্দরবানে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার টংকবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহত নাসির পেশায় একজন আমবাগান শ্রমিক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত মো. মানিক (২৪) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় শ্রমিক সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ইউসুফ ও আবছার নামে দুই ব্যবসায়ীর আমবাগানে কাজ করতে আটজন শ্রমিক আসেন। সেখানে কাজের ফাঁকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে কয়েক দফা কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়।
শুক্রবার বিকেলে শ্রমিকরা আমবাগানের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজে বের হন। একপর্যায়ে নাসির ও মানিক অন্য শ্রমিকদের চেয়ে কিছুটা সামনে চলে যান। সেখানে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে মানিক হাতে থাকা দা দিয়ে নাসিরের গলায় কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নাসিরের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত মানিক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। পাশাপাশি পলাতক অভিযুক্ত মানিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন