কক্সবাজারের চকরিয়ায় ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা অসহায় বিধবা ও তার চার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ, কক্সবাজার।
ঝুপড়ি ঘরে মানবেতর জীবন, অসহায় বিধবা ও চার শিশুর পাশে কক্সবাজার জেলা পুলিশ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি ঝুপড়ি ঘরে চার শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় বিধবা নারী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুই বছর আগে মারা যান তার স্বামী। স্বামীর মৃত্যুর সময়ও তার চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখেনি।
স্বামীকে হারানোর পর থেকেই চার শিশু সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়েন ওই নারী। গত দুই বছরেরও বেশি সময় ধরে কখনও অনাহারে, কখনও অর্ধাহারে দিন কাটছে তাদের।
এমন মানবেতর জীবনযাপনের একটি ভিডিও নজরে আসার পর শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হকের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ায় জেলা পুলিশ।
পুলিশ সুপারের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে খাদ্যসামগ্রীর পাশাপাশি এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম পরিবারটির কাছে এসব সহায়তা পৌঁছে দেন।
এ সময় ওই অসহায় নারীর জন্য বিধবা ভাতার ব্যবস্থা এবং পরিবারটির বসবাসের জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
কক্সবাজার জেলা পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ অসহায় বিধবা নারী ও তার চার শিশু সন্তানের মানবেতর জীবনযাপনের বিস্তারিত তুলে ধরা হলে উপরে উল্লেখিত তথ্যগুলো জানা যায়।

আপনার মতামত লিখুন