কক্সবাজার জেলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিস
বিএমইটির অফিস সহায়ক পদে পরীক্ষা দিলেন অন্যজন, চাকরি নিলেন মাসুম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর সমান্তরালে শিকড় গেড়ে বসা জালিয়াতি ও প্রক্সি চক্রের অক্টোপাসতুল্য থাবা দেশের মেধাভিত্তিক রাষ্ট্রযন্ত্রকে ক্রমাগত ফোকলা করে দিচ্ছে। যেখানে লাখ লাখ শিক্ষিত ও যোগ্য চাকরিপ্রার্থী দিন-রাত পড়াশোনা করে একটি বৈধ সংস্থানের আকুলতায় লাইব্রেরির টেবিলে মাথা কুটে মরছেন, ঠিক তখনই কোটি টাকার অশুভ লেনদেনে রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনিক চেয়ার দখল করে নিচ্ছে একদল ধূর্ত অপরাধী। স্বৈরাচারী কায়দায় দুর্নীতিকে নিয়ম বানিয়ে ফেলা এমনই এক ভয়াল প্রক্সি চক্রের মাধ্যমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র অধীনে সরকারি চাকরি বাগিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ২০২৩ সালের ৯ মে তারিখে স্মারক নম্বর- ৪৯.০১.০০০০.০০২.১১.০০১.২২-এর অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদে ৮৫ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদে ৫ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) পদে ২৩ জন, ইউডিএ/উচ্চমান সহকারী (গ্রেড-১৫) পদে ৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) পদে ৫৮ জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) পদে ১ জন এবং অফিস সহায়ক (গ্রেড-২০) পদে ১২৪ জনসহ মোট ৩১১ টি শূন্যপদের বিপরীতে জনবল আহ্বান করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উক্ত পদে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৩ সালের ১১ মে তারিখে এবং আবেদনের শেষ সময়সীমা নির্ধারিত ছিল ২০২৩ সালের ৩১ মে।
বিশাল এই নিয়োগ প্রক্রিয়ার সূত্র ধরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের থাইংখালী এলাকার রহমতের বিল গ্রামের বাসিন্দা মোজাহিদুল ইসলাম মাসুম ২০তম গ্রেডের ‘অফিস সহায়ক’ পদের জন্য আবেদন জমা দেন। তার বাবার নাম জহুর আলম এবং মায়ের নাম জাহান আরা বেগম। ২০০১ সালের ২ জুলাই জন্মগ্রহণ করা মোজাহিদুল ইসলাম মাসুমের আবেদনপত্র ও নির্ধারিত রোল নম্বর ছিল ১৭০২২৮৪২। তার শিক্ষাগত যোগ্যতার তথ্য ঘেঁটে জানা যায়, তিনি ২০২০ সালে মাধ্যমিক (এসএসসি) এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন।
নথিপত্র ও অনুসন্ধানের বিবরণ অনুযায়ী, মোজাহিদুল ইসলাম মাসুমের পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৬ অক্টোবর। বরাদ্দকৃত পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানীর মিরপুর ১-এ অবস্থিত ঢাকা কমার্স কলেজের ২ নম্বর বিল্ডিংয়ের ৫ম ফ্লোরের ৫০৩/২ নম্বর রুম। ওই লিখিত পরীক্ষায় তাকে উত্তীর্ণ দেখানো হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৮ ডিসেম্বর রাজধানীর কাকরাইলে অবস্থিত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র সদর দপ্তর কার্যালয়ে মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। সেখানেও তিনি রহস্যজনক সফলতা পান। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১০ জানুয়ারি বিভাগীয় বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলে সেখানে ৫৫ নম্বর ক্রমিকে ঠাঁই পান মোজাহিদুল ইসলাম মাসুম।
তবে অনুসন্ধানে সামনে এসেছে এক ভয়াবহ জালিয়াতির দৃশ্যপট। ঢাকা কমার্স কলেজের ৫০৩/২ নম্বর কক্ষে লিখিত পরীক্ষা দিতে কিংবা কাকরাইলের বিএমইটি সদর দপ্তরের মৌখিক পরীক্ষার বোর্ডে মোজাহিদুল ইসলাম মাসুমের ছায়াও কোনোদিন পৌঁছায়নি। মোজাহিদুল ইসলাম মাসুমের রোল নম্বর ধারণ করে পরীক্ষায় সশরীরে বসেছিলেন দেশের এক প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মোজাহিদুল ইসলাম মাসুম একা এই জালিয়াতি করেননি। এর পেছনে কলকাঠি নেড়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের এক বিশাল প্রক্সি সিন্ডিকেট। মোজাহিদুল ইসলাম মাসুম এই চক্রটির সাথে ১০ লক্ষ টাকার লিখিত ও মৌখিক চুক্তিতে আবদ্ধ হয়ে জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরি বাগিয়ে নেন।
এই প্রক্সি সিন্ডিকেটটির কাজের কৌশল অত্যন্ত সুসংগঠিত ও ধূর্ত। চট্টগ্রাম ভিত্তিক পরিচালিত এই চক্রের মূল হোতাদের সিংহভাগই কক্সবাজার জেলার অধিবাসী এবং দেশের বিভিন্ন নামী পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগসন্ধানী ছাত্র। সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির নিয়োগ কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মৌসুম শুরু হলেই সক্রিয় হয়ে ওঠে। দারিদ্র্য কিংবা অনৈতিক লোভে পড়া মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মোটা অঙ্কের বিনিময়ে ‘প্রক্সি শুটার’ হিসেবে ভাড়া করা হয়। প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি, প্রবেশপত্র তৈরি, জাতীয় পরিচয়পত্রের আসল ছবি পরিবর্তন এবং ফিঙ্গারপ্রিন্ট বাইপাস করার মতো নানা কৌশল অবলম্বন করে তারা মেধার আমানতকে পদদলিত করছে এবং এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
যে নিয়োগ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে পুরো পরীক্ষা সম্পন্ন হলো, তার ৭ নম্বর আইনি শর্তাবলীতে পরিষ্কার বলা হয়েছিল, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল বা অসামঞ্জস্যতা পাওয়া গেলে কিংবা ভূয়া প্রমাণিত হলে অথবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
এত স্পষ্ট আইনি ধারা ও সতর্কবার্তা থাকা সত্ত্বেও কীভাবে একজন ভুয়া প্রার্থী পুরো ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে চূড়ান্ত সুপারিশপত্র পেয়ে কক্সবাজারে সরকারি চাকরিতে যোগ দিলেন, তা নিয়ে বিএমইটির অভ্যন্তরীণ নজরদারির চরম দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে। এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তৎকালীন সময়ে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র সাবেক অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) ও যুগ্মসচিব আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা (পরিচিতি নং-৬৮৯২)। (তিনি বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।) ওই কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন বিএমইটির সাবেক উপ-পরিচালক (প্রশাসন), (বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব) মো: রেজওয়ানুল হক চৌধুরী। পরবর্তীতে ২০২৪ সালের ১০ জানুয়ারি যখন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ও ফলাফল প্রকাশ করা হয়, তখন বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতির দায়িত্বে স্থলাভিষিক্ত হন সাবেক অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) ও যুগ্মসচিব, বর্তমান অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) আ স ম আশরাফুল ইসলাম। এই সময়েও সদস্য সচিব হিসেবে স্বপদে বহাল ছিলেন উপ-পরিচালক (প্রশাসন) মো: রেজওয়ানুল হক চৌধুরী।
বিভাগীয় নির্বাচন কমিটির প্রথম ধাপের সভাপতি ও বিএমইটির তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার মুঠোফোনে প্রক্সি জালিয়াতির বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।
পরবর্তী ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশের দায়িত্বে থাকা বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ও বিএমইটির তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক আ স ম আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই বিষয়ে জানতে চেয়ে তৎকালীন নিয়োগপ্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব ও বিএমইটির উপ-পরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি বিস্তারিত শোনার পর বলেন, “এই নিয়োগ তো অনেক আগে হয়েছে। এখন আর কিছু বলা যাচ্ছে না। কাগজপত্র দেখতে হবে। তাছাড়া, অফিসপ্রধানের অনুমতি ছাড়া আমি কোনো মন্তব্য করতে পারব না।”
প্রশাসনিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গঠিত ভাইভা বোর্ডে সশরীরে ভাইভা নেওয়ার পর এবং লিখিত পরীক্ষার খাতার হাতের লেখার সাথে মিলিয়ে দেখার আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কীভাবে এই বিশাল প্রতারণা ঢাকা পড়ে গেল, তা নিয়েও বিএমইটির নজরদারির চরম দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।
জালিয়াতি করে সরকারি চাকরি হাসিল করে বর্তমানে মোজাহিদুল ইসলাম মাসুম বহাল তবিয়তে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কক্সবাজারে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। অনুসন্ধানের অংশ হিসেবে সরাসরি কক্সবাজারের ওই অফিসে গিয়ে মাসুমের মুখোমুখি হন এই প্রতিবেদক। ১০ লাখ টাকার প্রক্সি চুক্তির বিষয়ে সরাসরি প্রশ্ন করতেই মাসুমের মুখ রক্তশূন্য হয়ে যায়। তিনি প্রবলভাবে ভ্যাবাচেকা খেয়ে যান। অপ্রস্তুত মাসুম প্রতিবেদকের ফোন নম্বর টুকে নিয়ে বলেন, আপনি একটু অফিসের বাইরে অপেক্ষা করুন, আমি একটু পর আপনার সাথে বাইরে গিয়ে দেখা করতেছি।
ঠিক ১০ মিনিট পর তিনি অফিসের বাইরে এসে প্রতিবেদকের সাথে সাক্ষাৎ করেন। শুরুতেই তিনি নিজের অন্যায় ঢাকতে পারিবারিক ও আর্থিক টানাটানির করুণ কাহিনী শোনাতে শুরু করেন। একপর্যায়ে তিনি নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, আমি সম্পূর্ণ স্বচ্ছ আছি, সঠিকভাবে চাকরি নিয়েছি। তবুও ভাই দয়া করে নিউজ প্রকাশ করিয়েন না, আমি আপনার সাথে আলাদাভাবে দেখা করবো। অন্যরা যেভাবে ঘুষ দিয়ে চাকরি নেয়, আমি সেভাবে চাকরি নিইনি। তাছাড়া আমি এই চাকরি করবো না, অনার্সে পড়ার পর অনেক চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট ভালো হয়নি বলেই এটাতে যোগ দিয়েছি। কিন্তু আকস্মিকভাবে নিজের দুর্বলতা ঢাকতে মাসুম তার এক তথাকথিত বড় ভাইয়ের সাথে প্রতিবেদককে মুঠোফোনে জোরাজোরি করে কথা বলিয়ে দেন। ফোনের ওপার থেকে উক্ত বড় ভাই সাংবাদিককে হুমকি-ধামকি দেওয়া শুরু করেন এবং ফলাফল খারাপ হবে বলে হুমকি দেন।
মোজাহিদুল ইসলাম মাসুমের এমন আলোড়ন সৃষ্টিকারী প্রতারণা নিয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কক্সবাজার-এর সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরীর সাথে সামনা-সামনি কথা বলা হলে তিনি চরম বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, মোজাহিদুল ইসলাম মাসুম অনেক ভালো ছেলে। আমার নিজের অফিসের একজন স্টাফ যে এমন জালিয়াতির সাথে জড়িত থাকতে পারে, তা ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বিশ্বাস হতে চাইছে না। তবে আপনারা দয়া করে হেড অফিসে যোগাযোগ করুন। কারণ নিয়োগ, পরীক্ষা পরিচালনা এবং ভাইভা বোর্ড সবটাই ঢাকার সদর দপ্তরে হয়েছে। মাসুমের সমস্ত মূল ডকুমেন্টস ও পরীক্ষার নথিপত্র ওখানেই সংরক্ষিত আছে, ওনারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। আর আপনারা যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেন, আমি চাইলে মাসুমের সাথে কথা বলতে পারি।
একই বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমার বক্তব্য নিতে গেলে তিনি বলেন, “দেখুন, পুরো নিয়োগ প্রক্রিয়াটি ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষার মূল কমিটিতে আমি ছিলাম না। যেহেতু আমি বিভাগীয় দায়িত্বে আছি, বিষয়টি আমার নলেজে (জ্ঞাতার্থে) রাখলাম। আপনার নিকট যে তথ্য-উপাত্ত রয়েছে, সেগুলোর ভিত্তিতে আপনারা প্রতিবেদন প্রকাশ করতে পারেন। প্রক্সি জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে তাকে বিধি মোতাবেক কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”
জালিয়াতির ধরণ ও এর পেছনের চক্র সম্পর্কে তিনি আরও বলেন, “লিখিত পরীক্ষার ধাপটি কলাকৌশলে পার পেয়ে যাওয়া সম্ভব হলেও, আপনার ভাষ্য অনুযায়ী সে যেহেতু মৌখিক পরীক্ষার সময়েও জালিয়াতির আশ্রয় নিয়েছে, সেহেতু সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির ব্যক্তি। এই প্রক্সি জালিয়াতির নেপথ্যে শক্তিশালী কোনো সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে। সর্বোপরি, প্রক্সি জালিয়াতির সত্যতা প্রমাণিত হলে কেউ আইনের হাত থেকে নিস্তার পাবে না।”
আইনের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যায়, একজন ব্যক্তি যখন জালিয়াতি ও প্রক্সি চক্রের সাহায্যে ১০ লাখ টাকার চুক্তি করে সরকারি চাকরি ছিনিয়ে নেয়, তা প্রচলিত আইনের দৃষ্টিতে রাষ্ট্র ও মেধার বিরুদ্ধে চরম ফৌজদারি অপরাধ। চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহেদ হোসাইনীর মতে, অন্যের রূপ বা পরিচয় ধারণ করে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ধারা অনুযায়ী ছদ্মবেশ ধারণ করে প্রতারণা হিসেবে গণ্য হয়, যার সাজা সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড। এ ছাড়া ভুয়া কাগজপত্র ও জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অপরাধে ৪৬৮ ধারার অধীনে সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ৪৭১ ধারা অনুযায়ী জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করার অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ভুয়া তথ্য বা জালিয়াতির মাধ্যমে অর্জিত চাকরি সম্পূর্ণ অবৈধ ও শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে এবং গৃহীত বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। এছাড়া পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী প্রক্সি পরীক্ষার্থী ও সুবিধাভোগী উভয়পক্ষকেই সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড প্রদান করার স্পষ্ট নির্দেশ রয়েছে।
২০২৩ সালের ৬ অক্টোবর ঢাকা কমার্স কলেজের ২ নম্বর ভবনের পঞ্চম তলার ৫০৩/২ নম্বর কক্ষে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোজাহিদুল ইসলাম মাসুমের হয়ে ছদ্মবেশে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন কে? একই বছরের ৮ ডিসেম্বর রাজধানীর কাকরাইলে অবস্থিত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সদর দপ্তরে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় তাঁর হয়ে অংশ নিয়েছিলেনই-বা কে?
এই নজিরবিহীন পরীক্ষাজালিয়াতির নেপথ্যে সক্রিয় ছিল কোন সংঘবদ্ধ চক্র? কথিত সেই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ও কলকাঠি নাড়ার নেপথ্য কারিগর কে? কীভাবে সম্পাদিত হয়েছিল ১০ লাখ টাকার গোপন আর্থিক সমঝোতা, কোন প্রক্রিয়ায় নির্ধারিত হয়েছিল অর্থের লেনদেন এবং কীভাবে সম্পন্ন হয়েছিল সেই অর্থের হাতবদল?
পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও নিয়োগপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা এই অভিযোগকেন্দ্রিক প্রক্সি জালিয়াতির নেপথ্য কুশীলব, অর্থের গোপন লেনদেন এবং কথিত সিন্ডিকেটের যোগসূত্র নিয়ে আসছে আরও ৩ পর্ব’র ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন। প্রাপ্ত তথ্য-উপাত্ত, নথিপত্রের ভিত্তিতে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে ঘটনার অন্দরমহলের চিত্র।

আপনার মতামত লিখুন