খুঁজুন
, ,

টেকনাফে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
টেকনাফে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

কক্সবাজারের টেকনাফে নাশকতা প্রতিরোধে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল আয়োজিত মিছিল লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় কেউ হতাহত না হওয়া হলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল পৌরশহরের শাপলা চত্বর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে অলিয়াবাদ এলাকা থেকে ঝটিকা মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয়বাংলা’ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

টেকনাফ স্বেচ্ছাসেবক দল নেতা রহমত উল্লাহ জানান, সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদির ভাই নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর তার লোকবল নিয়ে নাশকতার পাঁয়তারা করছে বলে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সড়কে অবস্থান নিই এবং মিছিল বের করি। একপর্যায়ে আমাদের উপর হঠাৎ গুলি করা হয়।

সেই মিছিলে অংশ নেওয়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম মানিক ও তার সহযোগীরা আমাদের মিছিলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। আত্মরক্ষার্থে আমরা কিছুটা পিছু হটলেও পরে আবার ফিরে আসলে ততক্ষণে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনার একটি ভিডিওর পাশাপাশি একই সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে যেখানে বদির ভাই আব্দু শুক্কুরকে দেখা গেছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

রাত ২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেকনাফ পৌর শহর এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাজোয়া যান টহল দিচ্ছে একই সাথে বিজিবি-পুলিশ ও এসআরবির শতাধিক সদস্য মোতায়েন রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলাকারী ও নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তবে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স ১৩ বছর ছিল বলে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে। সেই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হলে পরবর্তীতে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে নিয়মিতভাবে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল।

প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সাগরপথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে পর্যটকদের দীর্ঘ ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। বর্তমানে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকায় এবং আবহাওয়া অনুকূলে না থাকায় সাময়িকভাবে এই রুটের পর্যটন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ওসি-এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ওসি-এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ওসি রাকিবুল ও এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারিতে রয়েছেন আরও কয়েক হাজার পুলিশ সদস্য। আইনজীবীরা বলছেন, এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ সদর দফতর। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির দায় পুরো বাহিনী নেবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানে জড়িত থাকার অভিযোগে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। দুই দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখাসহ বিভিন্ন অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। নজরদারিতে রয়েছেন আরও অনেকে। প্রশ্ন উঠেছে, দায়িত্বশীল পদে থেকে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য পাচার এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কতটা গুরুতর অপরাধ?

আইনজীবীরা বলছেন, এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাহেদ ইকবাল বলেন, ‘রাষ্ট্রদ্রোহ বা এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। পেনাল কোডে রাষ্ট্রদ্রোহের যে বিধান রয়েছে, তাতে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, ‘যে এসপিকে গ্রেফতার করা হয়েছে, তিনি ব্যক্তিগত ও সরকারি ফোন ব্যবহার করে বিভিন্ন জায়গায় বার্তা আদান-প্রদান করেছেন। এতে স্পষ্ট হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি দেশের বিরুদ্ধে কাজ করছিলেন।’

পুলিশ সদর দফতর বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীর সদর দফতর।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের নজরদারিতে আনা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। একজন ব্যক্তির কর্মকাণ্ড বা তৎপরতা পুরো বাহিনীর চিত্র তুলে ধরে না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমাদের এ ধরনের নজরদারি বা ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ সদর দফতর আরও বলছে, নিরপরাধ ও পেশাদার পুলিশ সদস্যদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।