খুঁজুন
, ,

পুড়িয়ে দেওয়া হলো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
পুড়িয়ে দেওয়া হলো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে।

এছাড়া একই সময় গোড়াই ফ্লাইওভার ব্রিজের পাশে ও এর আশপাশে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা প্রথমে অগ্নিসংযোগ করে। এর কয়েক মিনিট পর ওই এলাকার গোড়াইতে হাটুভাঙ্গা ফ্লাইওভার ব্রিজের নিচে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই শহীদ স্মৃতিস্তম্ভ পুড়ে যায়। এই ঘটনার পর গোড়াই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা ঠেকাতে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক, শিল্পাঞ্চল গোড়াই এবং মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তারা। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তবে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের সময় তার বয়স ১৩ বছর ছিল বলে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে। সেই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হলে পরবর্তীতে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে নিয়মিতভাবে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল।

প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সাগরপথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে পর্যটকদের দীর্ঘ ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। বর্তমানে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি থাকায় এবং আবহাওয়া অনুকূলে না থাকায় সাময়িকভাবে এই রুটের পর্যটন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ওসি-এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ওসি-এসপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য

রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ওসি রাকিবুল ও এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরদারিতে রয়েছেন আরও কয়েক হাজার পুলিশ সদস্য। আইনজীবীরা বলছেন, এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ সদর দফতর। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির দায় পুরো বাহিনী নেবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদানে জড়িত থাকার অভিযোগে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

এর আগে একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। দুই দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখাসহ বিভিন্ন অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। নজরদারিতে রয়েছেন আরও অনেকে। প্রশ্ন উঠেছে, দায়িত্বশীল পদে থেকে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য পাচার এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কতটা গুরুতর অপরাধ?

আইনজীবীরা বলছেন, এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাহেদ ইকবাল বলেন, ‘রাষ্ট্রদ্রোহ বা এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। পেনাল কোডে রাষ্ট্রদ্রোহের যে বিধান রয়েছে, তাতে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, ‘যে এসপিকে গ্রেফতার করা হয়েছে, তিনি ব্যক্তিগত ও সরকারি ফোন ব্যবহার করে বিভিন্ন জায়গায় বার্তা আদান-প্রদান করেছেন। এতে স্পষ্ট হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি দেশের বিরুদ্ধে কাজ করছিলেন।’

পুলিশ সদর দফতর বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীর সদর দফতর।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের নজরদারিতে আনা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। একজন ব্যক্তির কর্মকাণ্ড বা তৎপরতা পুরো বাহিনীর চিত্র তুলে ধরে না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমাদের এ ধরনের নজরদারি বা ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ সদর দফতর আরও বলছে, নিরপরাধ ও পেশাদার পুলিশ সদস্যদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।