খুঁজুন
, ,

রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।

নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে রাজশাহীর পুঠিয়ার বিএনপি নেতার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আল মামুনের শ্বশুর বিএনপি নেতা আব্দুর রশীদের কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন হাবিব। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

 

 

পুলিশ জানিয়েছ, গ্রেফতারকৃত হাবিব পুঠিয়া তার ভাইরা ভাই আব্দুর রশীদের বাড়ীতে থেকে ভার্চুয়ালী নানা কর্মকান্ডে অংশ নিতো। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় একাধিকবার ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। এই ঘটনার সাথেও তার নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে হত্যা এবং জুলাইযোদ্ধাদের উপর হামলা সহ ২১টি মামলা রয়েছে।

 

এদিকে যুবলীগ নেতাকে আশ্রয়দাতাকে আব্দুর রহমানকে গ্রেফতারের দাবী জানিয়েছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীরা। যুবলীগ নেতা হাবিবকে গ্রেফতারের সময় তার আশ্রয়দাতাকে গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়া হয়। তবে পুলিশ উপর মহলের নির্দেশ নেই এমন অজুহাত দিয়ে আটক এড়িয়ে যায়। এই নিয়ে বিএনপির তৃণমুল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের আশ্রয়দাতাকে আটক করা না হলে অন্যরাও উৎসাহিত হবে এবং নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের অনেকেই আশ্রয় দিতে থাকবে।

এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে পবা উপজেলা বিএনপি নেতা শাহজাহানের শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ। আসামিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতের পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

এদিকে গেল রাতে নগরীর পদ্মা আবাসিক এলাকায় ও পবা পারিলা গ্রামীন ব্যাংকে হাত বোমার বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।

খালেদা জিয়ার শাস্তি ঠিকমতো হয়েছে, জেলে মরেছে, সুতরাং হাসিনাকেও আমরা মাফ করব না: এমপি শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার শাস্তি ঠিকমতো হয়েছে, জেলে মরেছে, সুতরাং হাসিনাকেও আমরা মাফ করব না:  এমপি  শাহজাহান চৌধুরী

খালেদা জিয়ার শাস্তি ঠিকমতো হয়েছে, জেলে মরেছে। সুতরাং হাসিনাকেও আমরা মাফ করব না’ বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদের মতো শেখ হাসিনারও ফাঁসি হবে।

 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৯০০টি মামলা রয়েছে। এসব মামলার রায় বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘মতিউর রহমান নিজামীর যা হয়েছে, তাকে মাফ করতে পারেনি। শেখ হাসিনাকেও মাফ করতে দেব না। শেখ হাসিনার গলায় মতিউর রহমান নিজামীর গলায় যেভাবে ফাঁসি ঝুলেছে, সেভাবে ফাঁসি হবে।

 

জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করে সাজা কার্যকর করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল।

 

তিনি বলেন, অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না পেয়ে কারাগারে ধুঁকে ধুঁকে মারা যান খালেদা জিয়া। অতীতে রাজনৈতিক নেতাদের বিচারের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা কেন বিচারের বাইরে থাকবেন?

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, একরাম আওয়ামী লীগ করতেন। তাহলে তাকে কেন হত্যা করা হয়েছিল? তার হত্যার জবাব কে দেবে? শেখ হাসিনা ও আবদুর রহমান বদিসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। অতীতে বিনা বিচারে মানুষ হত্যা, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের ঘটনাগুলোরও বিচার দাবি করেন তিনি।

 

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমার অভিজ্ঞতায় বলে, বাংলাদেশের মানুষ অন্য কাউকে মাফ করলেও শেখ হাসিনাকে মাফ করবে না। শেখ হাসিনার বিচারের রায় মানুষ দেখে যাবে।’ জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি এসব ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান। মেজর সিনহা হত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

 

অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা বন্ধের হুঁশিয়ারি

 

টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও মানব পাচার বন্ধ করতে হবে। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

 

তিনি বলেন, টেকনাফে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করতে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

টেকনাফের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, বর্ষা শেষ হয়েছে, এখন উন্নয়নের জোয়ার বইবে। টেকনাফ স্থলবন্দরকে সুন্দরভাবে পরিচালনা এবং আরও একটি বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

 

সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভুল করলে তার চরম মাশুল দিতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন,একটা ঘর জ্বললে দশটা ঘর জ্বলবে।’ কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

সমাবেশে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

ঢাকা থেকে গাড়িতে করে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটকের পরদিন মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত।

সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি নিরাপদে অবস্থান করছেন বলে জানা গেছে।

অপহৃত বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর দাবি, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাড়া পান তিনি। এরপর সেদিন রাতেই ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন তিনি। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

 

বিএনপি নেতা মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। এসময় সামনে এগিয়ে দেখেন, সড়কের উপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাদের আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।

 

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। তারা আমার মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে আমার ছবি দেখে আমাকে আরও মারপিট করে। এক পর্যায়ে তারা ওই দুইজনকে ছেড়ে দিয়ে আমার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আমাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘোরাতে থাকে। ভোররাত থেকে দুপুর হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে আমকে ছেড়ে দেওয়া হয়।

অপহরণের পর তার কাছ থেকে সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় দাবি করে বিএনপি মনিরুল হক ফরাজী বলেন, পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরি। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না। সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর ঢাকাতে এসে চিকিৎসা নিয়েছি। এখনও সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ ঘটনায় এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানায়নি।

 

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছি। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটির রাষ্ট্রীয় বাহিনীকে দায়ী করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।

 

শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়টি ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে হয়েছে। সবাই একমত না হওয়ায় এটিকে সর্বসম্মত সিদ্ধান্ত বলা যায় না।

খিন খিন সোয়ে বলেন, ‘১৫ বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব, এটি অন্যায্য।’

 

২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানে গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সরকার। তাদের দাবি, বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।

মিয়ানমার সরকারের মুখপাত্র বলেন, আদালতে উত্থাপিত সব প্রশ্নের জবাব দিতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনে তারা ‘সর্বোচ্চ চেষ্টা’ করেছেন।

 

২০১৭ সালের ওই অভিযানের সময় মিয়ানমারের সেনাপ্রধান ছিলেন মিন অং হ্লাইং। বর্তমানে তিনি দেশটির প্রেসিডেন্ট। আদালত বলেছেন, ওই অভিযানে মিয়ানমারের বাহিনীর হাতে প্রায় এক লাখ রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

 

রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরতে দেওয়ার ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন হেগভিত্তিক আদালত। তবে আদালতের এসব নির্দেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি খিন খিন সোয়ে।

 

তিনি বলেন, আদালতের রায় ও বিচারকদের মতামত ৩০০ পৃষ্ঠার বেশি। সেগুলো পর্যালোচনা করতে সময় প্রয়োজন। তার ভাষায়, ‘এগুলো আইনি নথি। তাই আমাদের সময় নিয়ে সেগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে।’

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে নিপীড়ন, বৈষম্য ও নাগরিকত্বের সংকটের মধ্যে বসবাস করে আসছে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের পর দেশটির অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্বের অধিকার হারায়। তাদের চলাচল, শিক্ষা, চিকিৎসা ও জীবিকার ওপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়।

 

২০১৬ সালের অক্টোবর থেকে রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার পর নিরাপত্তা অভিযানের নামে সেনাবাহিনী ব্যাপক দমন-পীড়ন চালায়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৫ আগস্ট নতুন করে সামরিক অভিযান শুরু হয়। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তদন্তে ওই অভিযানে নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা উঠে আসে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে মিলে কক্সবাজারে শরণার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ লাখের বেশি।

 

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। মামলায় দেশটির বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। একই বছরের ডিসেম্বরে মিয়ানমারের তৎকালীন স্টেট কাউন্সেলর অং সান সু চি আদালতে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেন। তবে ২০২০ সালের জানুয়ারিতে আদালত অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি গণহত্যার অভিযোগ-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়।

 

এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া, লিখিত বক্তব্য ও শুনানি শেষে ১৯ নভেম্বর মামলার চূড়ান্ত রায় দেন আইসিজে। এই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে রাষ্ট্র হিসেবে দায়ী করা হয়েছে।