খুঁজুন
, ,

ট্রাম্পের দলের বিরুদ্ধে ভোটে নেমে ৫ হিজাবি নারীর জয়জয়কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
ট্রাম্পের দলের বিরুদ্ধে ভোটে নেমে ৫ হিজাবি নারীর জয়জয়কার

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়েছেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। তাদের মধ্যে চারজন অঙ্গরাজ্যের সিনেটর এবং একজন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। মার্কিন নির্বাচনি ইতিহাসে একসঙ্গে এতসংখ্যক হিজাব পরা নারীর জয়কে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর দেশটিতে মুসলিমবিরোধী বক্তব্য, বিদ্বেষ ও হুমকি বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এমন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই পাঁচ মুসলিম নারীর এই জয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টিও এই ফলাফলে উঠে এসেছে।

নির্বাচনে জয়ী পাঁচ নারীই প্রগতিশীল ধারার ডেমোক্র্যাট। তাদের মধ্যে জর্জিয়া থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন রুয়া রোমান। এর আগে তিনি জর্জিয়ার আইনসভায় প্রথম হিজাব পরা মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থি ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন রোমান। সে সময় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন বক্তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি উঠেছিল। তবে দলীয় নেতৃত্ব সেই দাবি প্রত্যাখ্যান করে। জেরুজালেমে জন্ম নেওয়া দাদার নাতনি রোমানই ওই সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত হয়েছিলেন।

নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা কাওয়াস আগে থেকেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর নজরদারি ও ধরপাকড় শুরু হলে তার অনথিভুক্ত অভিবাসী বাবাকে গ্রেপ্তার করে অভিবাসন কর্তৃপক্ষ। প্রায় তিন বছর আটক থাকার পর তাকে জর্ডানে ফেরত পাঠানো হয়। বাবার আটকের সময় মায়ের সঙ্গে কারাগারের কাচের দেয়ালের ওপাশ থেকে তার সঙ্গে কথা বলার স্মৃতি এখনো কাওয়াসের মনে রয়েছে।

ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী নাবিলা সৈয়দ। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক। ২০২২ সালে একটি শূন্য আসনে মনোনয়ন পেয়ে অঙ্গরাজ্য আইনসভায় যুক্ত হয়েছিলেন তিনি। স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং জীবনযাত্রার ব্যয় কমানো তার রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর ওয়াশিংটনকে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ইলিনয়ের কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন নাবিলা। ওই চিঠির সমালোচনা করে কেউ কেউ একে হামাসের প্রতি সমর্থন হিসেবে আখ্যা দেন। তবে চিঠিতে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নিশ্চিত না করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছিল।

কানেকটিকাট থেকে অঙ্গরাজ্য সিনেটে নির্বাচিত হয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে জয় পান তিনি। ২০২২ সাল থেকে অঙ্গরাজ্য আইনসভায় দায়িত্ব পালন করা মেরিয়াম বিশেষ শিক্ষা, বিচার বিভাগ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।

চলতি বছরের শুরুতে কর্মস্থলের টেবিলে পাকিস্তানের ছোট একটি পতাকা রাখায় রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েছিলেন মেরিয়াম। নিজের পারিবারিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তুলে ধরে তিনি বলেছিলেন, নিজস্ব ঐতিহ্য নিয়ে গর্ব করা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের পরিপন্থী নয়।

অন্যদিকে মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়া চার মুসলিমের একজন ছিলেন। একই সঙ্গে কংগ্রেসের প্রথম হিজাব পরা নারী সদস্যও তিনি।

সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান শরণার্থী হিসেবে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পরে ১৭ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তবে দীর্ঘদিন ধরেই ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সমালোচনা ও আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আসছেন তিনি।

সম্প্রতি তার বাড়িতে ভোররাতে অভিযান চালিয়ে মুঠোফোন, বহনযোগ্য কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া তার নাগরিকত্ব নিয়েও তদন্তের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্প একাধিকবার তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইলহান।

যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী প্রচারণার মাত্রা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংগঠন। মুসলিম জনসংযোগ পরিষদের নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হারিস তারিনের মতে, নির্বাচনে মুসলিম নারীদের এই জয় প্রমাণ করেছে, ইসলামবিদ্বেষ ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার কৌশল সফল হয়নি।

তিনি বলেন, আগের নির্বাচনের তুলনায় ইলহান ওমর এবার বেশি ব্যবধানে জয় পেয়েছেন। পাশাপাশি প্রকাশ্যে মুসলিম পরিচয় বহনকারী আরও কয়েকজন নারী নির্বাচিত হয়েছেন। ফলে এবারের নির্বাচনে ইসলামবিদ্বেষ কার্যকর রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করেনি।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা