খুঁজুন
, ,

ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট, কপাল পুড়ল নেতানিয়াহুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট, কপাল পুড়ল নেতানিয়াহুর

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। এতে পার্লামেন্ট নেসেটের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন তিনি। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে তুলনামূলক কমসংখ্যক আইনপ্রণেতা। ফলে নতুন সরকার গঠনের দৌড়ে পিছিয়ে পড়েছেন নেতানিয়াহু। তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের সঙ্গে জোট সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আইজেনকটের প্রতি সমর্থন জানান। বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো।

 

সমর্থনের এই ব্যবধান স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন হারজগ। আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

 

আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। দলটির ভাষ্য, ২০১৫ সালের পর ইসরায়েলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এত বেশি আইনপ্রণেতার সমর্থন আর কেউ পাননি।

 

আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের অধিবেশন বসার কথা রয়েছে। এর পরপরই নতুন স্পিকার নির্বাচন করা হবে। এদিকে সরকার গঠনের আলোচনা চললেও নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছে ইয়াশার। দলটির নেতাদের মতে, ইসরায়েলের এখন নতুন নেতৃত্ব ও স্থিতিশীল সরকার প্রয়োজন।

 

তবে সরকার গঠনের পথ এখনো সহজ নয়। নেতানিয়াহুবিরোধী দলগুলো মূলত দুটি শিবিরে বিভক্ত। এর মধ্যে ইহুদিদের নেতৃত্বাধীন চারটি দলের আসন ৪৮টি। অন্যদিকে আরবদের নেতৃত্বাধীন দুটি দল ও জোটের আসন ১৯টি। বিরোধী শিবিরের সবাই আইজেনকটকে সমর্থন জানিয়েছে। কিন্তু ইহুদি নেতৃত্বাধীন তিনটি দল এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে রাজি হয়নি।

 

আইজেনকটকে সমর্থন দেওয়া আরব দলগুলোর মধ্যে রয়েছে রাআম ও জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাআমের নেতা মনসুর আব্বাস আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের পক্ষে মত দেন।

 

আব্বাস বলেন, তিনি আইজেনকটের নেতৃত্বে একটি ভালো সরকার দেখতে চান। ২০২১ সালে ইয়ার লাপিদ ও নাফতালি বেনেট মিলে যে সরকার গঠন করেছিলেন, নিরাপত্তা ও নাগরিক অধিকার—দুই বিবেচনাতেই সেই সরকারের সবচেয়ে খারাপ দিনও বর্তমান কট্টর ডানপন্থী সরকারের চেয়ে অনেক ভালো ছিল।

 

তবে আইজেনকটের সরকারে যোগ দেওয়ার ক্ষেত্রে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত রয়েছে। আব্বাস বৈঠকে হামাসকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেননি। তবে সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন তিনি।

 

ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সরকার চাইলে রাআম বাধা হয়ে দাঁড়াবে না বলেও মন্তব্য করেন আব্বাস। তাঁর ভাষায়, সরকারে রাআমের উপস্থিতির কারণে ইসরায়েলি নাগরিকদের রক্ষায় মন্ত্রিসভা বা সরকার বাধাগ্রস্ত হবে—এমন দাবি সঠিক নয়।

 

অন্যদিকে জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন বলেন, ইসরায়েলের আরব নাগরিকেরা বর্ণবাদ, বৈষম্য, অপরাধ ও রাজনৈতিকভাবে উপেক্ষিত হওয়ার কারণে পরিবর্তন চান। আইজেনকটের সঙ্গে তাঁদের অনেক বিষয়ে মতপার্থক্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাঁরা তাঁকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমেদ তিবি বলেন, তাঁর দল সরকারে সরাসরি অংশ না নিয়ে বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দিতে পারে। তবে সরকারকে শুধু এক-দুই মাস টিকিয়ে রেখে পরে পতনের মুখে ঠেলে দিতে চান না তাঁরা।

আগামী নেসেটে তাঁদের দলের ১১টি আসন থাকবে উল্লেখ করে তিবি বলেন, পার্লামেন্টে তাঁদের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক বা সংসদীয় উদ্যোগ নেওয়া সম্ভব হবে না।

 

এদিকে গত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেলেও সাত আসনে জয়ী ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেয়নি। ফলে আইজেনকটের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। নেতানিয়াহুর জোটের এই সমর্থন সংকট তাঁর ক্ষমতায় ফেরার পথ আরও কঠিন করে তুলেছে।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা