খুঁজুন
, ,

সেন্টমার্টিনগামী পর্যটকদের ভোগান্তি চরমে, বিকল্প ঘাটের দাবি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সেন্টমার্টিনগামী পর্যটকদের ভোগান্তি চরমে, বিকল্প ঘাটের দাবি

সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের আগ্রহ বাড়লেও নুনিয়াছড়া ঘাটে ভোগান্তি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জোয়ার-ভাটার কারণে জাহাজ ছাড়তে বিলম্ব, ঘাটে জায়গার সংকট এবং যাত্রী ওঠানামায় অব্যবস্থাপনার কারণে ভ্রমণের শুরুতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। অন্যদিকে, জাহাজের মাস্টারদের দাবি, বাঁকখালী নদীর নাব্যতা সংকটের কারণে ভাটার সময় বড় জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে নুনিয়াছড়া ঘাটের বিকল্প হিসেবে খুরুশকুল ঘাট ব্যবহারের দাবি জানিয়েছেন জাহাজমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

টিকিটে জাহাজ ছাড়ার সময় সকাল ৬টা ৪৫ মিনিট। সে অনুযায়ী ভোর সাড়ে পাঁচটায় ঘাটে এসে অপেক্ষা শুরু করেন পর্যটকেরা। কিন্তু কোনো কোনো দিন সকাল ১০টা পর্যন্তও জাহাজ ছাড়ার ব্যবস্থা হয় না। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

শুধু জাহাজ ছাড়তেই দেরি নয়, ওঠানামার পথেও রয়েছে বিড়ম্বনা। একটি জাহাজের ওপর দিয়ে অন্য জাহাজে উঠতে হচ্ছে যাত্রীদের। সরু পথে ব্যাগপত্র নিয়ে চলাচল করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।

পর্যটকদের অভিযোগ, টিকিটে উল্লেখ করা সময় অনুযায়ী জাহাজ ছাড়ে না। একই লাইনে একাধিক জাহাজ অবস্থান করায় যাত্রী ওঠানামায় বিশৃঙ্খলা তৈরি হয়। অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকলেও ঘাটে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠতে হচ্ছে। এতে ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে।

পর্যটক নাবিলা হক বলেন, টিকিটে জাহাজ ছাড়ার সময় সকাল ৬টা ৪৫ মিনিট উল্লেখ থাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঘাটে পৌঁছাই। কিন্তু সকাল ১০টা বাজলেও জাহাজ ছাড়ার ব্যবস্থা হয়নি। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে গিয়ে নারী পর্যটকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। জাহাজ চলাচলের সময়সূচি যথাযথভাবে মেনে চলা এবং ঘাটের ব্যবস্থাপনা উন্নত করা হলে পর্যটকদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিতে হবে।

পর্যটক রাবেয়া বশরীর অভিযোগ, নির্ধারিত সময়ে জাহাজ না ছাড়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে ভ্রমণের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। পর্যটকদের দুর্ভোগ কমাতে সময়সূচি মেনে জাহাজ চলাচল নিশ্চিত করা প্রয়োজন।

ঘাটের অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ জানিয়েছেন পর্যটকেরা। পর্যটক আমিনুল হক বলেন, ঘাটে একসঙ্গে চারটি জাহাজ একই লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। এক জাহাজ থেকে অন্য জাহাজের ওপর দিয়ে গন্তব্যের জাহাজে উঠতে হচ্ছে। এতে কোন জাহাজে উঠতে হবে, তা বুঝতেও অনেক সময় বিভ্রান্তিতে পড়ছেন যাত্রীরা।

আমিনুল হকের মতে, সদরঘাটের লঞ্চ টার্মিনালের মতো প্রতিটি জাহাজের জন্য আলাদা ঘাট বা ডেকের ব্যবস্থা করা হলে যাত্রীদের ওঠানামা সহজ হতো। এতে ঘাটের বিশৃঙ্খলাও কমে আসত।

পর্যটক হামিদুল হক বলেন, সকাল সাতটায় জাহাজ ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সকাল ১০টায় ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিন ঘণ্টা দেরিতে জাহাজ ছাড়লে গন্তব্যে পৌঁছাতেও দেরি হবে। সেখানে পৌঁছানোর আগেই দুপুরের খাবারের নির্ধারিত সময় পেরিয়ে যাবে।

অনলাইনে টিকিট কাটার পরও ঘাটে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন পর্যটক শাহরিয়ার সামিদ। তিনি বলেন, যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধীরগতিতে জাহাজে উঠতে হচ্ছে। সরু পথ দিয়ে একে একে উঠতে গিয়ে ব্যাগ ও মালামাল নিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়ছে। অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি যাত্রী ওঠানামার ব্যবস্থাপনাও সুশৃঙ্খল করা প্রয়োজন।

জোয়ার-ভাটার ওপর নির্ভর জাহাজ চলাচল

জাহাজ ছাড়তে বিলম্বের কারণ হিসেবে জোয়ার-ভাটা ও বাঁকখালী নদীর নাব্যতা সংকটের কথা বলছেন জাহাজের মাস্টাররা। তাদের মতে, বড় জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পরিমাণ পানির গভীরতা প্রয়োজন। কিন্তু ভাটার সময় নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।

কর্ণফুলি এক্সপ্রেসের মাস্টার মোহাম্মদ ইউনুস বলেন, জাহাজ চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হয় জোয়ার-ভাটার কারণে। ভাটার সময় নদীর পানি কমে যাওয়ায় বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে জোয়ার-ভাটার সময় বিবেচনা করেই প্রতিদিন জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করতে হয়। কোনো দিন ভোর চারটায়, আবার কোনো দিন অন্য সময়ে জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করা হয়। এ নিয়ে অনেক সময় যাত্রীদের সঙ্গে ভুল-বোঝাবুঝি ও কথা-কাটাকাটি হয়। যাত্রীরা নির্ধারিত সময়ে ঘাটে এসে জাহাজ ছাড়তে দেরির কারণ জানতে চান। কিন্তু জোয়ার-ভাটার বিষয়টি বিবেচনা না করে জাহাজ চালানো সম্ভব নয়।

মোহাম্মদ ইউনুস আরও বলেন, জাহাজগুলো আকারে বড় হওয়ায় জোয়ার-ভাটার হিসাব না করে চলাচল করলে নদীর চরে আটকে যাওয়ার আশঙ্কা থাকে। এতে জাহাজের ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।

পর্যটকবাহী জাহাজ বার আউলিয়ার মাস্টার মজিবুর রহমান বলেন, বাঁকখালী নদীর নাব্যতা সংকটই জাহাজ চলাচলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহাজের ড্রাফট (জাহাজের পানির নিচে নিমজ্জিত অংশের গভীরতা) দুই থেকে তিন মিটার। অথচ ভাটার সময় নদীতে পানির গভীরতা থাকে মাত্র এক থেকে দেড় মিটার। এ কারণে ভাটার সময় নুনিয়াছড়া ঘাটে জাহাজ নিয়ে আসা সম্ভব হয় না। জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।

মজিবুর রহমান বলেন, এ কারণে কোনো দিন ভোর চারটায়, আবার কোনো দিন সকাল ১০টায় জাহাজ ছাড়তে হয়। একইভাবে সেন্টমার্টিন থেকে ফেরার পথেও জোয়ার-ভাটার কারণে ঘাটে পৌঁছাতে রাত ১২টা থেকে ১টা বেজে যায়। এতে পর্যটকদের ভোগান্তি বাড়ে। ঘাটে পৌঁছানোর পর পর্যাপ্ত যানবাহন না পাওয়ায় দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের দুর্ভোগ আরও বাড়ে। নুনিয়াছড়া ঘাটে পর্যাপ্ত জায়গা না থাকায় সব জাহাজ একসঙ্গে ভেড়ানো সম্ভব হয় না। ফলে পর্যটকদের এক জাহাজ থেকে অন্য জাহাজ টপকে গন্তব্যের জাহাজে উঠতে হয়। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

বিকল্প হিসেবে খুরুশকুল ঘাট ব্যবহারের দাবি

নুনিয়াছড়া ঘাটের পরিবর্তে খুরুশকুল ঘাট ব্যবহারের দাবি জানিয়েছেন জাহাজমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন জেটিতে একসঙ্গে ১০টির বেশি জাহাজ রাখার সুযোগ রয়েছে। পর্যটকদের ওঠানামার জন্যও জায়গাটি তুলনামূলক উপযোগী।

বাংলাদেশ সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, নুনিয়াছড়ার এডব্লিউটির জেটিতে পর্যটকদের ভোগান্তির শেষ নেই। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে কখনো ভোর চারটায়, আবার কখনো সকাল ১০টায় জাহাজ ছাড়তে হয়। এছাড়া জায়গার সংকটের কারণে একসঙ্গে সব জাহাজ নোঙর করে রাখা সম্ভব হয় না। বর্তমানে প্রায় ১০টি জাহাজ চলাচল করছে। জোয়ার-ভাটার কারণে নদী থেকে জাহাজ বের হতেও ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন জেটিটি বেশি উপযোগী। সেখানে একসঙ্গে ১০টির বেশি জাহাজ রাখার জায়গা রয়েছে। শহর থেকেও মাত্র পাঁচ মিনিটে ওই জেটিতে পৌঁছানো সম্ভব। সেখানে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হলে পর্যটকদের সময় ও ভোগান্তি-দুটিই কমবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। তার দাবি, পর্যটকবাহী জাহাজগুলো আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন জেটি থেকে চলাচলের ব্যবস্থা করা হলে সেন্টমার্টিনগামী পর্যটকদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এখনো নুনিয়াছড়া ঘাট ব্যবহারের সিদ্ধান্ত

তবে আপাতত নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের মৌসুম শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে পর্যটকেরাও আসতে শুরু করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রাথমিক অনুমোদনের পর জেলা প্রশাসন জাহাজ চলাচলের চূড়ান্ত অনুমোদন দেয়। সব প্রক্রিয়া ও শর্ত মেনে জাহাজ চলাচল নিশ্চিত করতে মাঠ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তাসনীম জাহান বলেন, এখন পর্যন্ত গত বছরের মতো নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের সিদ্ধান্ত রয়েছে। তবে এবার জাহাজের সংখ্যা গত বছরের তুলনায় বাড়তে পারে। সে ক্ষেত্রে জোয়ার-ভাটার সময় এবং পর্যটক ও জাহাজের যাতায়াতের সুবিধা বিবেচনায় খুরুশকুল ঘাট থেকেও জাহাজ চলাচলের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় জাহাজমালিক সমিতির কয়েকজন সদস্য খুরুশকুল ঘাট থেকে জাহাজ চলাচলের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে নুনিয়াছড়া ঘাট থেকে সেন্টমার্টিন রুটে চারটি জাহাজ চলাচল করছে। নতুন করে আরও ছয়টি জাহাজ চলাচলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে জাহাজের সংখ্যা বাড়লে ঘাটের ব্যবস্থাপনা ও যাত্রীসেবার মান কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯ ব্যাচ কর্তৃক আয়োজিত কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহত একজনের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।

‎

‎শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎

‎অভিযোগপত্র সূত্রে জানা যায়, ৪৯তম ব্যাচের আয়োজিত কনসার্ট চলাকালে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল), সোয়াদ (বাংলা) ও তাদের কয়েকজন সহযোগী ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ধোঁয়া তাদের দিকে আসায় নিলয় ও জিসান ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসানের কলার ধরেন ৫২তম ব্যাচের এক শিক্ষার্থী। পরে আয়োজক কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। কনসার্ট শেষে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়।

‎

‎অভিযোগে আরও বলা হয়, কনসার্ট শেষে ক্যাফেটেরিয়া থেকে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যাওয়ার সময় সিঁড়ির কাছে দুই পক্ষের আবারও মুখোমুখি হয়। এ সময় কথা বলার একপর্যায়ে শাহরিয়ার দিহান পেছন থেকে হেলমেট দিয়ে নিলয়ের মাথায় আঘাত করেন। এতে নিলয় সিঁড়ি থেকে নিচে পড়ে গেলে তাকে মারধর ও লাথি মারা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নারী শিক্ষার্থীদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎

‎এ ঘটনায় নিলয়ের মাথা ফেটে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়। গুরুতর আহত জিসানকেও অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাদাফ চোখে আঘাত পান। তার চিকিৎসায় চার হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে ৫২তম ব্যাচের ছয় শিক্ষার্থীর করা পাল্টা অভিযোগে বলা হয়, ধূমপান করতে নিষেধ করার পর তারা তা বন্ধ করেন। পরে তাদের সঙ্গে উগ্র আচরণের কারণ জানতে চাইলে জিসান দিহানের কলার চেপে ধরেন। পরবর্তী সময়ে আলোচনার জন্য সিঁড়ির কাছে গেলে নিলয় ধাক্কা দিয়ে তাদের একজনকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করেন তারা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন।

‎

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রায় দেড় মাস পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর থেকে কুমিল্লায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে। মামলার অভিযোগপত্র এরইমধ্যে আদালতে গৃহীত হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা উপস্থিত থাকলে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম শুরু হবে। কেউ অনুপস্থিত থাকলে সে বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।

 

তিনি বলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে কোনো আসামি অনুপস্থিত থাকলে আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।