খুঁজুন
, ,

আ. লীগ-বিএনপির সংঘর্ষে ‎পাবনায় রণক্ষেত্র

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
আ. লীগ-বিএনপির সংঘর্ষে ‎পাবনায় রণক্ষেত্র

‎পাবনার বেড়ায় বৃশালিখা এলাকার আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

 

‎স্থানীয় লোকজন বলেন, শনিবার দুপুর থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯ ব্যাচ কর্তৃক আয়োজিত কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহত একজনের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।

‎

‎শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎

‎অভিযোগপত্র সূত্রে জানা যায়, ৪৯তম ব্যাচের আয়োজিত কনসার্ট চলাকালে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল), সোয়াদ (বাংলা) ও তাদের কয়েকজন সহযোগী ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ধোঁয়া তাদের দিকে আসায় নিলয় ও জিসান ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসানের কলার ধরেন ৫২তম ব্যাচের এক শিক্ষার্থী। পরে আয়োজক কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। কনসার্ট শেষে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়।

‎

‎অভিযোগে আরও বলা হয়, কনসার্ট শেষে ক্যাফেটেরিয়া থেকে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যাওয়ার সময় সিঁড়ির কাছে দুই পক্ষের আবারও মুখোমুখি হয়। এ সময় কথা বলার একপর্যায়ে শাহরিয়ার দিহান পেছন থেকে হেলমেট দিয়ে নিলয়ের মাথায় আঘাত করেন। এতে নিলয় সিঁড়ি থেকে নিচে পড়ে গেলে তাকে মারধর ও লাথি মারা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নারী শিক্ষার্থীদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎

‎এ ঘটনায় নিলয়ের মাথা ফেটে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়। গুরুতর আহত জিসানকেও অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাদাফ চোখে আঘাত পান। তার চিকিৎসায় চার হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে ৫২তম ব্যাচের ছয় শিক্ষার্থীর করা পাল্টা অভিযোগে বলা হয়, ধূমপান করতে নিষেধ করার পর তারা তা বন্ধ করেন। পরে তাদের সঙ্গে উগ্র আচরণের কারণ জানতে চাইলে জিসান দিহানের কলার চেপে ধরেন। পরবর্তী সময়ে আলোচনার জন্য সিঁড়ির কাছে গেলে নিলয় ধাক্কা দিয়ে তাদের একজনকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করেন তারা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন।

‎

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রায় দেড় মাস পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর থেকে কুমিল্লায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে। মামলার অভিযোগপত্র এরইমধ্যে আদালতে গৃহীত হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা উপস্থিত থাকলে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম শুরু হবে। কেউ অনুপস্থিত থাকলে সে বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।

 

তিনি বলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে কোনো আসামি অনুপস্থিত থাকলে আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।