খুঁজুন
, ,

টেকনাফে ফিরছেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
টেকনাফে ফিরছেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরা ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে সেন্টমার্টিন জেটিঘাট থেকে আটকা পড়া পর্যটকদের অনেকেই ট্রলারে করে রওনা দেন।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং সতর্কসংকেত জারি থাকায় ১৯ নভেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে এর আগে সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকরা দ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার যারা দ্বীপ থেকে ফিরতে চান, তাদের অনেকেই ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।

সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা টেকনাফে ফিরতে শুরু করেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা থেকে যাচ্ছেন। আগামীকাল কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকরা ওই জাহাজে করে কক্সবাজারে ফিরবেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মারামারি, আহত একাধিক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯ ব্যাচ কর্তৃক আয়োজিত কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহত একজনের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।

‎

‎শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎

‎অভিযোগপত্র সূত্রে জানা যায়, ৪৯তম ব্যাচের আয়োজিত কনসার্ট চলাকালে ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান (রসায়ন), জিহাদ (ভূগোল), সোয়াদ (বাংলা) ও তাদের কয়েকজন সহযোগী ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ধোঁয়া তাদের দিকে আসায় নিলয় ও জিসান ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসানের কলার ধরেন ৫২তম ব্যাচের এক শিক্ষার্থী। পরে আয়োজক কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। কনসার্ট শেষে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়।

‎

‎অভিযোগে আরও বলা হয়, কনসার্ট শেষে ক্যাফেটেরিয়া থেকে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যাওয়ার সময় সিঁড়ির কাছে দুই পক্ষের আবারও মুখোমুখি হয়। এ সময় কথা বলার একপর্যায়ে শাহরিয়ার দিহান পেছন থেকে হেলমেট দিয়ে নিলয়ের মাথায় আঘাত করেন। এতে নিলয় সিঁড়ি থেকে নিচে পড়ে গেলে তাকে মারধর ও লাথি মারা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা নারী শিক্ষার্থীদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎

‎এ ঘটনায় নিলয়ের মাথা ফেটে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়। গুরুতর আহত জিসানকেও অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাদাফ চোখে আঘাত পান। তার চিকিৎসায় চার হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে ৫২তম ব্যাচের ছয় শিক্ষার্থীর করা পাল্টা অভিযোগে বলা হয়, ধূমপান করতে নিষেধ করার পর তারা তা বন্ধ করেন। পরে তাদের সঙ্গে উগ্র আচরণের কারণ জানতে চাইলে জিসান দিহানের কলার চেপে ধরেন। পরবর্তী সময়ে আলোচনার জন্য সিঁড়ির কাছে গেলে নিলয় ধাক্কা দিয়ে তাদের একজনকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করেন তারা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন।

‎

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রায় দেড় মাস পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুর থেকে কুমিল্লায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে। মামলার অভিযোগপত্র এরইমধ্যে আদালতে গৃহীত হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা উপস্থিত থাকলে অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম শুরু হবে। কেউ অনুপস্থিত থাকলে সে বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।

 

তিনি বলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে কোনো আসামি অনুপস্থিত থাকলে আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।