উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্ধি শতাধিক মানুষ
সম্প্রতি সৃষ্ট লঘুচাপে ভারী বর্ষণে উখিয়ার বড়ুয়াপাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩৫ টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি ঢুকার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিপর্যস্ত অবস্থায় কাটছে পানিবন্দি এসব মানুষের দিন। শিক্ষার্থী সহ প্রায় দুইশত মানুষের আর্তনাদের শেষ নেই। বৃহস্পতিবার(২৯ মে) দুপুরে সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বিশেষ করে কোর্টবাজার স্টেশনের পশ্চিমে বড়ুয়া পাড়া এলাকার মানুষের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বসতবাড়ির উঠানে চলাচলের রাস্তায় জলাবদ্ধতায় ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাতের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পানিবন্দি অবস্থায় সুষ্ঠু সমাধান চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন অজিত বড়ুয়া। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে দেখার জন্য নির্দেশনা দেন ইউএনও। অজিত বড়ুয়া জানায়,” হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি যাওয়ার কোনো পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিষয়টি সমাধানের দাবি জানাচ্ছি।”
পানিবন্দি অবস্থায় থাকা স্থানীয়রা জানিয়েছেন, আমাদের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হচ্ছে। ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। অন্যদিকে জলাবদ্ধতার অপরিষ্কার পানিতে দীর্ঘসময় থাকার ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা।” রামু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জয় বড়ুয়া জানিয়েছেন,” জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি পানিবন্দি অবস্থায় থাকায় পড়ালেখা করতে পারছিনা। কলেজে যেতে পারছিনা ৫দিন যাবত। এটার সমাধান চাই।” উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরী বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন