কক্সবাজারে সৈকতের ব্যবসায় আওয়ামী সিন্ডিকেটের পতন, অগ্রাধিকার পাচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা
দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্রসৈকতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা একটি সুগঠিত আওয়ামী লীগের সিন্ডিকেটের ছত্রছায়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এই সিন্ডিকেটটি স্থানীয়ভাবে ‘সুগন্ধা সিন্ডিকেট’ নামে পরিচিত ছিল এবং এদের পেছনে ছিল বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালীদের ছায়া। নতুন উদ্যোক্তা ও প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ছিল বাধা, শোষণ এবং দালাল নির্ভরতা।
তবে পরিস্থিতি পাল্টেছে। জেলা প্রশাসন কক্সবাজার এবার এই সিন্ডিকেট ভাঙনের পথে দৃঢ় অবস্থান নিয়েছে। সৈকতের ব্যবসায়ী কার্ড নবায়ন প্রক্রিয়ায় আনা হয়েছে নজিরবিহীন স্বচ্ছতা ও জবাবদিহিতা।
নবায়ন প্রক্রিয়ায় এবারই প্রথম জেলা প্রশাসন পর্যটন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রকৃত কার্ডধারীদের সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। এতে করে দালালদের মাধ্যমে কার্ড নবায়নের সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এ উদ্যোগে সিন্ডিকেটভুক্ত বহু ব্যবসায়ী কার্ড নবায়নের প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছেন। কেউ কেউ আত্মগোপনে, আবার কেউ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এই কার্যক্রম ভণ্ডুল করার জন্য। তবে প্রশাসনের কঠোর নজরদারিতে এসব অপচেষ্টা খুব একটা সফল হয়নি।
অসচ্ছল, প্রকৃত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছে নতুন আশার আলো। তাঁরা দালাল ছাড়াই সরাসরি প্রশাসনের কাছে গিয়ে কার্ড নবায়নের সুযোগ পাচ্ছেন। এতে দীর্ঘদিনের বঞ্চনা আর শোষণের অবসান ঘটছে বলে জানান একাধিক ব্যবসায়ী।
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সৈকতভিত্তিক ব্যবসায় একটি সিন্ডিকেটমুক্ত,স্বচ্ছ ও অংশগ্রহন পরিবেশ নিশ্চিত করা। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন পর্যটন ব্যবসায়ী ও নাগরিক সমাজ।
এই উদ্যোগ কেবল সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদেরই নয়, বরং কক্সবাজারের পর্যটন খাতকেও একটি নতুন গঠনতান্ত্রিক ধারায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন