৫ ঘন্টার ব্যবধানে ৭ হাজার ইয়াবা গায়েব করলেন পুলিশ কর্মকর্তা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করলেও মাত্র পাঁচ ঘণ্টার মাথায় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৮-এপিবিএনের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দিতে নষ্ট ইয়াবা দেখানোর নাটক সাজানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
শনিবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বালুখালী হিন্দুপাড়া রাস্তার মাথা থেকে স্থানীয় মাদক কারবারি আব্দুল করিম (৩৮) কে আটক করে ক্যাম্পের পুলিশ। এরপর অভিযুক্ত এসআই জাহাঙ্গীরের তত্ত্বাবধানে ক্যাম্পে নেওয়া হলেও থানা বা উচ্চ পর্যায়ে হস্তান্তর না করে রাত দেড়টার দিকে মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়ভাবে চিহ্নিত গডফাদার মাদক কারবারি ফরিদ এই মধ্যস্থতা করেছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এই টাকা এসআই জাহাঙ্গীর ও তার ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে ভাগাভাগি হয়। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, আটক হওয়া আব্দুল করিম একধরনের প্রতিবন্ধী। তার শারীরিক অবস্থাকে ঢাল করে মাদক গডফাদার ফরিদ দীর্ঘদিন ধরে তাকে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করে আসছে। যেকোনো ঝুঁকিপূর্ণ পরিবহনে করিমকেই সামনে রেখে নিরাপদে মাদক সরবরাহ করে মাফিয়া চক্রটি।
সর্বশেষ ঘটনায় করিমকে হাতে-নাতে ধরা হলেও পুলিশের সাথে গোপন সমঝোতায় ‘ভালো ইয়াবা’ সরিয়ে দিয়ে নষ্ট ইয়াবা দেখিয়ে মুক্তি দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই জাহাঙ্গীর স্বীকার করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল করিমকে ইয়াবাসহ আটক করি। তবে পরে দেখা যায়, জব্দ করা ইয়াবাগুলো দুই নম্বর। নষ্ট ইয়াবা দিয়ে মামলা হয় না, তাই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ৯ নম্বর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ফোনে ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করেন।
৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহির উদ্দিন বলেন, আমি অসুস্থ থাকায় ঘটনাটি বিস্তারিত জানি না। তবে শুনেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অতিরিক্ত ডিআইজি ও ৮-এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনই বিষয়টি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন