ডাকাত শাহীন বাহিনীর ক্যাশিয়ার ও এক সহযোগী গ্রেপ্তার
কক্সবাজারের রামু গর্জনিয়া ও সদর উপজেলার সিকদার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত শাহীন বাহিনীর দুই গুরুত্বপূর্ণ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃতরা হলেন শাহীন বাহিনীর কথিত ‘ক্যাশিয়ার’ ইকবাল ও সক্রিয় সদস্য জাহাঙ্গীর।
জানা গেছে, জেলার সীমান্তবর্তী রামু গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাত শাহীন বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, শাহীন বাহিনী অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। বাহিনীটি প্রায় ৪০-৪৫ জনের বেশি সশস্ত্র ক্যাডার নিয়ে অপকর্ম চালাচ্ছিল।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ জুলাই) বিকালে রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর সক্রিয় সদস্য জাহাঙ্গীরকে (৪৪) গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি গর্জনিয়ার থোয়াইঙ্গাকাটায়। পরে সন্ধ্যায় সদর উপজেলার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহীন বাহিনীর ‘ক্যাশিয়ার’ ইকবালকে (৪০) গ্রেফতার করা হয়। ইকবালের গ্রামের বাড়ি গর্জনিয়ার মাঝিরঘাটা এলাকায়।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা বলেন, “সীমান্তবর্তী এই এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও ডাকাতদের দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন