জুলাই বিপ্লবের বিকৃতি চলবে না: আব্দুল্লাহর আবেগময় বিবৃতি ভাইরাল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের এক আবেগঘন বিবৃতিতে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিজের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে বলেছেন, “আন্দোলনের প্রতিটি ধাপে আমি ছিলাম, মামলা খেয়েছি, কারাবরণ করেছি। আজ সেই আন্দোলনের নামে যারা দালালি করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রকৃত ইতিহাস বিকৃত করছে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে আব্দুল্লাহ ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা এবং পরদিন রংপুর ও চট্টগ্রামে ছাত্রনেতা আবু সাইদ ও ওয়াসিম আকরামের শাহাদাতের ঘটনা স্মরণ করে বলেন, তিনি এ খবরে গভীরভাবে মর্মাহত হয়ে হ্নীলায় ছাত্র-যুব ঐক্যের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
আব্দুল্লাহ বলেন, “আমি টেকনাফে আন্দোলনের প্রথম গ্রেফতারকৃত যুবদল কর্মী ছিলাম। স্থানীয় প্রভাবশালীদের ইশারায় পুলিশ আমাকে রাতে ধরে নিয়ে যায়।” তিনি জানান, ৩০ জুলাই জামিনে মুক্ত হয়ে পুনরায় আন্দোলনের প্রস্তুতি শুরু করেন এবং ৫ আগস্ট “লং মার্চ টু ঢাকা” কর্মসূচিকে কেন্দ্র করে হ্নীলায় পুলিশের উপস্থিতি উপেক্ষা করে ব্যাপক মিছিল অনুষ্ঠিত হয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ যখন দেখি কিছু সুবিধাবাদী ব্যক্তি এনসিপি বা ছাত্র প্রতিনিধি পরিচয়ে থানার দালালি করছে, তখন মনে হয় আমাদের রক্ত বৃথা গেল! আমি আব্দুল্লাহ বিন কাদের, ঘোষণা দিচ্ছি- যদি এই চেতনাবাজদের সত্যায়ন করতে হয়, তবে আমি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর গ্রহণ করব। আমরা রক্ত দিয়েছি, চেতনার ব্যবসা করিনি।”
আব্দুল্লাহর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে “জুলাই বিপ্লবের সত্য ইতিহাস রক্ষার সাহসী উচ্চারণ” বলে মন্তব্য করছেন।

আপনার মতামত লিখুন