যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা বাংলাদেশের কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এ ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় এই সাফল্য একটি সুদৃঢ় কূটনৈতিক বিজয়। ২০ শতাংশ শুল্কে সমঝোতা পূর্বাভাসের চেয়ে ১৭ পয়েন্ট কম। যা বাংলাদেশের আলোচক দলের কৌশলগত প্রজ্ঞা ও নিষ্ঠার স্পষ্ট প্রমাণ।
তিনি জানান, দীর্ঘ ছয় মাস ধরে দেশের আলোচকরা নিরলসভাবে কাজ করেছেন। শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত জটিল বিষয় নিয়েও তারা দক্ষতার সঙ্গে আলোচনা পরিচালনা করেছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ন রেখেছে। এতে আমাদের পণ্যের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সহজতর হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে।
প্রধান উপদেষ্টা এই অর্জনকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই চুক্তি শুধু একটি তাৎক্ষণিক সাফল্য নয়, এটি ভবিষ্যতের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দ্রুত প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে নতুন গতি এনে দিয়েছে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল। এই অর্জন জাতির অদম্য সাহস, দৃঢ়তা ও শক্তিশালী অর্থনীতির প্রতিশ্রুতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সুত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন