খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা জজ মামুনুর রশিদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১:৪১ অপরাহ্ণ
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা জজ মামুনুর রশিদ
শেয়ার করুন

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ দায়িত্ব নিয়েছেন। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) অপরাহ্নে কক্সবাজারের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ আইন ও বিচার বিভাগের স্বাভাবিক নির্দেশনা অনুযায়ী তাঁর কাছে দায়িত্ব অর্পন করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব নেওয়া বিচারক মামুনুর রশিদ বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের একজন মেধাবী সদস্য। মামুনুর রশিদ ২০০৮ সালের ২২ মে মাসে একজন নবীন বিচারক হিসাবে রাজশাহী মেট্রোপলিটন বিচার বিভাগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সরকারি চাকুরীতে যোগ দিয়ে বিচারিক কর্মজীবন শুরু করেন। পরে শেরপুরের সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ ও নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম), মাদারীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম), সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে কক্সবাজার বিচার বিভাগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক পদে যোগ দিয়ে এখনো দায়িত্ব পালন করেছেন তিনি। বিচারক মামুনুর রশিদ সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ) ও বিচারকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নগর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদের জন্ম ১৯৮২ সালের ২ নভেম্বর। পিতা আবদুস সামাদ, মাতা-নুর জাহান বেগম। ৩ ভাই এক বোনের মধ্যে সবার কনিষ্ঠ তিনি। বিচারক মামুনুর রশিদের ডাক নাম নিরব। বিয়ে করেছেন শাহনাজ পারভীনকে। মামুনুর রশিদ ও শাহনাজ পারভীন দম্পতি ২ কন্যা ও এক পুত্র সন্তানের জনক ও জননী।
মামুনুর রশিদ কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিকলী গোরচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজ থেকে এইসএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স সহ এমএলএম সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। শিক্ষা জীবনের পর পর মামুনুর রশিদ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) ট্রেইনি অফিসার, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক (সাবেক শিল্প ব্যাংক) এর সিনিয়র অফিসার, উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার ও কোর্স কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের সবখানেই কর্মপাগল মামুনুর রশিদ তাঁর সফলতার স্বাক্ষর রেখেছেন। সপ্তম শ্রেণিতে থাকতেই মামুনুর রশিদের কবিতা, গল্প, নাটক জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, ম্যাগাজিন, বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হতে থাকে। মামুনুর রশিদের লেখা গল্পের বই “নীলজল দিগন্ত” চলতি বছর একুশের বই মেলায় প্রকাশিত হয়। বহুমুখী প্রতিভাসম্পন্ন বিচারক মামুনুর রশিদ একজন জাতীয় পর্যায়ের দাবাড়ু।

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারক মামুনুর রশিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারকের পাশাপাশি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জেলা নাজির বেদারুল আলম জানিয়েছেন। এছাড়াও আরো একাধিকবার তিনি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, কক্সবাজারের ১৮তম সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখার এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়।

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি আলোচনায় থাকা অভিনেত্রী চমক।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

 

 

সে সময় এক সাক্ষাৎকারে চমক গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

 

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

 

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও।

পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, স্বাভাবিক হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে। শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান, তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। শুধুমাত্র বানান কারেকশন আর কোনো কিছু পরিবর্তন না।

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এলাকাবাসী ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউল্লাহ ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

আজ সন্ধ্যায় তারা সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।