টেকনাফে বিএনপির কার্যালয়ে র্যাবের অভিযান: উপজেলা ও পৌর বিএনপির তীব্র নিন্দা
টেকনাফ বাস-স্টেশনস্থ সীমান্ত কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ে র্যাব-১৫ সদস্যদের বিনা চার্জশিট ও ওয়ারেন্টবিহীন অভিযানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার রাতে দলীয় প্যাডে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন এবং পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসর কিছু কর্মকর্তা এখনো র্যাব বাহিনীতে বহাল তবিয়তে রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করছে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি দলের প্রধান কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের উচ্ছৃঙ্খল অভিযানের ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।
অতি দ্রুত এ বাহিনীতে থাকা আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের শাস্তিমূলক বদলী করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় বিবৃতিতে।

আপনার মতামত লিখুন