জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাশেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামসহ শহর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি অনুযায়ী, সমাবেশে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদদের রক্তে অর্জিত; যদি এই সরকার কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে আজ্ঞাবহ হয়, তাহলে জনগণ রাজপথে নেমে নতুন আন্দোলন গড়ে তুলবে। তারা আরও দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান বিরোধী যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে।
সমাবেশে উপস্থাপিত জামায়াতের পাঁচ দফা দাবি হলো – জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
নেতারা সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন ও তাদের পাঁচ দফা দাবি দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন