বাঁকখালী নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেল এক, এখনো নিখোঁজ এক যুবক
কক্সবাজার সদর উপজেলা, ঝিলংজা ইউনিয়ন: বুধবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার বাঁকখালী ব্রীজের পাশে ধাওয়া খেয়ে দুইজন যুবক নদীতে লাফ দেয়। এ ঘটনায় একজন যুবক প্রাণে বেঁচে উঠলেও অপরজন ইব্রাহীম নামে যুবক পানিতে নিখোঁজ হয়ে যান।
প্রাণে বেঁচে ফিরা যুবক সাব্বির মোস্তফা আপেল পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার আবদুল হাকিমের পুত্র। নিখোঁজ ইব্রাহীম রশিদ নগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের মোহাম্মদ আলমের পুত্র এবং পেশায় হোটেলের কর্মচারি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই দুই যুবক বাঁকখালী নদীর পশ্চিম পাশে পরিত্যক্ত একটি ঘরে মোবাইল গেইম খেলছিল। হঠাৎ ৬-৭ জন যুবক তাদের ধরে মাদক সেবনকারী সন্দেহে মারধর শুরু করে। প্রাণে বাঁচতে তারা নদীতে লাফ দেয়। আপেল সাঁতরে ওপারে উঠতে সক্ষম হলেও ইব্রাহীম পানিতে তলিয়ে যায়।
ইব্রাহীমের পিতা মোহাম্মদ আলম জানান, ছেলে এখনও নিখোঁজ। তিনি ঘটনার দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন।
পিএমখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল এখনও ইব্রাহীমকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আপনার মতামত লিখুন