সাভারে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার, ব্যানারসহ থানায় ছবি তুলে বিতর্কে ওসি
সাভারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের গ্রেপ্তারের পর থানার ভেতরে ব্যানারসহ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় বিতর্কের মুখে পড়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া।
ছবিতে দেখা যায়, থানার কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকা গ্রেপ্তার ব্যক্তিদের পেছনে একটি বড় ব্যানারে লেখা, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। হটাও ইউনুস, বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ।”
ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকে বলছেন, ওসি ভাইরাল হওয়ার জন্যই এমন ব্যানার প্রদর্শন করেছেন, যা পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল তারা। এ অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী সংগঠনের বিভিন্ন নেতার ছবি সম্বলিত একটি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি জুয়েল মিয়া।
এদিকে, থানার ভেতরে ব্যানার প্রদর্শন ও ছবি তোলা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

আপনার মতামত লিখুন