মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে মিনহাজ উদ্দিন নামের এক যুবকের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু ও ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালিন বাবলার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রেরিত লিগ্যাল নোটিশে বলা হয়, গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রতিদিনের বাংলাদেশ নিউজ পোর্টাল ও পত্রিকায় “ওয়াজ ও মিনহাজের ইয়াবা পাচারের রুট টেকপাড়া” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য করা, যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং মানহানিকর বলে উল্লেখ করেন তিনি।
নোটিশে দাবি করা হয়, প্রকাশিত প্রতিবেদনের কোনোরূপ তথ্য যাচাই-বাছাই ছাড়াই বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পেশাগত সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি ব্যক্তি ও পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
অ্যাডভোকেট অভিষেক দাস নোটিশে ১০ দিনের মধ্যে মানহানিকর পোস্ট অপসারণ, ভুল তথ্যের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ এবং ভবিষ্যতে অনুরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।
এদিকে নোটিশের সঙ্গে আইনজীবীর পক্ষ থেকে বিতর্কিত পোস্টে ব্যবহৃত তথ্য কোথায় কীভাবে অসত্য তা ব্যাখ্যা করতেও বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আদালতে মানহানি ও ক্ষতিপূরণ দাবির মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন